সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ প্রতিবেদক

সেপ্টেম্বর / ৩০ / ২০২৬


আইনশৃঙ্খলার উন্নতিতে সরকারের প্রচেষ্টা বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে: বাণিজ্যমন্ত্রী


78

Shares


শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘আইনশৃঙ্খলা যেকোনো উন্নয়ন ও বিনিয়োগের পূর্বশর্ত। জনগণ যে মাত্রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে চান, ইনশাআল্লাহ সেই মাত্রায় পরিস্থিতির উন্নতি হবে।’ তিনি বলেন, ‘আইনশৃঙ্খলার উন্নতিতে সরকারের প্রচেষ্টা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করবে এবং বিনিয়োগের ক্ষেত্রে সহায়ক হবে।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের সুরমা নদী তীরবর্তী সদরখলা এলাকায় নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিনিয়োগ আকৃষ্ট করতে আইনশৃঙ্খলা, জ্বালানিসহ অন্যান্য সহায়ক উপাদান নিয়ে কাজ করছে সরকার।’

সাম্প্রতিক সময়ে দেশে কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সমাজে সংঘটিত অনেক অপরাধের উৎস মাদক। মাদক ও অনলাইন গেমিং নিয়ন্ত্রণ করা গেলে কিশোর গ্যাংয়ের তৎপরতাও অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’

অনলাইন গেমিং বন্ধে বিগত সরকারগুলো কার্যকর কোনো আইন তৈরি করেনি দাবি করে তিনি বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অনলাইনে গেমিং ও জুয়া বন্ধে আইন করেছে।’

সরকার সাপ্লাই চেইন ঠিক রেখে বাজার নিয়ন্ত্রণের কথা বললেও প্রতিদিনই দ্রব্যমূল্য বাড়ছে এবং এর পেছনে কোনো সিন্ডিকেট কাজ করছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাজারে কোনো সিন্ডিকেট নেই। বিভিন্ন কারণে পণ্যের দাম বাড়তে পারে। মৌসুমের ওপর নির্ভর করে কাঁচামালের দাম ওঠানামা করে। শীত শুরু হলে সবজি, ডিম ও মুরগির দাম সহনীয় পর্যায়ে আসবে।’

ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়াতে চাইছেন, এ বিষয়ে সরকার কী করবে প্রশ্নে তিনি বলেন, ‘বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হবে। ভোজ্যতেলের উৎসস্থলে দাম বেড়েছে কি না, আর বেড়ে থাকলে এর প্রভাব দেশের বাজারে পড়ার মতো কোনো গ্যাপ তৈরি হয়েছে কি না, এসব বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’



ওয়াইএফ/০৩

সিলেট প্রতিক্ষণ