সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ প্রতিবেদক

নভেম্বর / ০২ / ২০২৬


‘পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে শ্রমিকদের রাস্তায় নামিয়েছে’: সিলেটে রিজভী


27

Shares


রাজধানীতে চলমান শ্রমিক আন্দোলন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘পরাজিত শক্তির ইন্দন আছে এবং দেশকে অস্থিতিশীল করতে শ্রমিকদের মিথ্যা বলে তাদের রাস্তায় নামিয়ে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টায় তারা লিপ্ত।’ এসময় তিনি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, ‘এতে আর কারো মদদ আছে কিনা এটা এই মুহূর্তে বলা মুশকিল।’

আজ সোমবার (২ নভেম্বর) সিলেট নগরের দরগা গেইটে একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এসব কথা বলেন তিনি।

শ্রমিক আন্দোলন প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘এসবের পেছনে কেউ আছে কিনা সরকার সেটা জানতে পারবে। তবে আমি বলি, এতে যে তারা (আওয়ামী লীগ) হস্তক্ষেপ করছে, উস্কানি দিচ্ছে, শ্রমিকদের নানাভাবে রাস্তায় নামানোর চেষ্টা করছে; তার উদাহরণ আছে। গতকালই স্পট থেকে ১১জন ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজন নেতা যে ওই উস্কানির মধ্যে ছিল এবং তারা যে ভেতর থেকে কাজ করছে নিজেরাই আবার সেটা ফেসবুকে পোস্ট করছে।’ 

তিনি উদাহরণ টেনে বলেন, ‘আপনারা দেখেছেন, তারা যে কাজ করছে সেটা স্বীকার করে জগন্নাথ বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফেসবুকে পোস্ট দিয়েছে। সুতরাং এখানে যে পরাজিত শক্তির ইন্দন আছে এবং দেশকে অস্থিতিশীল করতে শ্রমিকদের মিথ্যা কথা বলে রাস্তায় নামিয়ে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টায় তারা লিপ্ত সেটা জনগণের কাছে এখন ষ্পষ্ট।’ এসময় তিনি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, ‘তবে এতে আর কারো মদদ আছে কিনা এটা এই মুহূর্তে বলা মুশকিল। তবে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে সংসদে যেটার সমধান করা যায়, আলোচনায় সমাধান করা যায়-সেটা না করে লং মার্চের মাধ্যমে নানাভাবে উস্কানিমূলক কথাবার্তা বলে প্রকারান্তে তারাও যে তাদেরকে (আওয়ামী লীগকে) সমর্থন দিচ্ছেন কিনা-এটা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।’

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সম্প্রতি করা মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়েতের আমির বলেছেন, আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে। আরেকটি বিপ্লব, কোন বিপ্লব দরজায় কড়া নাড়ছে। মাত্র ৮ মাস হলো একটি সরকারের বয়স। সরকার দেশের আর্থিক উন্নতি, ব্যবসার সম্প্রসারণ ইত্যাদি বিষয় নিয়ে কাজ করছে। দেশের বাইরে যাচ্ছেন, সেখানে নানা চুক্তি, নানা ধরণের সমঝোতা স্মারণে স্বাক্ষর, বিভিন্ন প্রতিশ্রুতি চুক্তি করে আসছেন। সেখান থেকে টাকা নিয়ে এসে বিনিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। এগুলোকে উপেক্ষা করে অপপ্রচারের মাধ্যমে নানা কথা বলার চেষ্টা তারা করছেন।’

জামায়াতকে গুপ্ত আখ্যা দিয়ে তিনি প্রশ্ন রেখে বলেন, ‘বিপ্লব আপনারা কবে করেছেন? কোন বিপ্লবে আপনারা ছিলেন? সবাই বলে আপনারা গুপ্ত। কিভাবে গুপ্ত ছিলেন? ছাত্রলীগের মধ্যে মিশে ছিলেন, যুবলীগের মধ্যে মিশে ছিলেন। একারণে আপনাদের গুপ্ত বলে।’

এসময় বিএনপির ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘কিন্তু বিএনপি প্রকাশ্যে গণতন্ত্রের জন্য লড়াই করেছে। একটা নীতি এবং আদর্শের জন্য লড়াই করেছে ১৭ বছর। অনেক রক্ত ঝরিয়েছে, অনেক জীবন উৎসর্গ করে সে লড়াই নিশ্চিত করেছে। যারা এ ধরণের কথা বলছেন, তাদের শুভবুদ্ধির উদয় হোক।’

তিনি জামায়াতকে সতর্ক করে দিয়ে বলেন, ‘পরাজিত শক্তি পার্শ^বর্তী দেশে গিয়ে নানা ধরণের খেলা খেলছে, নানা ধরণের উস্কানি দিচ্ছে। তাদের পাল্লায় পড়ে, তাদের সমর্থন নেওয়ার চেষ্টা করলে মঙ্গল হবে না।’ অতীতের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেণ, ‘তারা (জামায়াতে ইসলাম) তো একসঙ্গে আন্দোলন করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। মনে নেই, ১৯৯৪-৯৫ সালে, তাতে কি হয়েছে? পরবর্তীসময়ে আপনারা দেখেছেন, তাদের কি পরিণতি হয়েছে। শেখ হাসিনা যখন ক্ষমতায় বসল, তখন কতজন লোককে ফাঁসি দিয়েছিল।’ তিনি বলেন, ‘সুতরাং ওরা মনে করছে ঘোলাপানিতে মাছ শিকার করে, বিএনপিকে একটু বেকায়দায় ফেলে হয়তো রাষ্ট্র ক্ষমতা দখল করা যাবে। কিন্তু এদেশের মানুষ অত্যন্ত গণতন্ত্র মনা, গণতন্ত্রগামী। তারা অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাতে চায়। যেটা ১২ ফেব্রুয়ারিতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার জোট ক্ষমতায় এসেছে। কেউ চোরাপথে বা পেছনের দরজা দিয়ে আসার চেষ্টা করলে ভালো হবে না।’

আসন্ন স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাই বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘স্থানীয় পর্যায়ে জেলা ও উপজেলা বিএনপির নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন। যার জনপ্রিয়তা ও নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি, তাকেই প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।’ তিনি বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়ন কার্যক্রম আরও জোরদার হবে। ভোট গ্রহণ ও মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ঘোষণার পর দলীয় কার্যক্রমও সেই অনুযায়ী এগোবে।’


ওয়াইএফ/০৫

সিলেট প্রতিক্ষণ