জাতীয়



দেশদর্পণ ডেস্ক

জুলাই / ২৪ / ২০২৬


পদত্যাগ করলেন রাষ্ট্রপতি


82

Shares

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মো. সাহাবুদ্দিন বলেন, “এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।”

পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বলে দিছি, বুঝে নেন।”

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংসদ সচিবালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপতির বিষয়েই এ ব্রিফিং ডাকা হয়েছে।

এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংককে যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁর সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল। তবে এর মধ্যেই বুধবার প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

রাষ্ট্রপতির দপ্তরের একাধিক কর্মকর্তা এবং তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে জাতীয় সংসদের স্পিকার বিদেশে থাকায় পদত্যাগপত্র জমা দেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হয়।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্র পাঠিয়ে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। আর রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

যদিও রাষ্ট্রপতির পদত্যাগের সময় স্পিকারের দেশে বা সশরীরে উপস্থিত থাকার বাধ্যবাধকতা সংবিধানে নেই, তবু পদ শূন্য হওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্ব গ্রহণের সাংবিধানিক প্রয়োজনীয়তার কারণে সরকারের উচ্চপর্যায় থেকে স্পিকারকে সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার অনুরোধ করা হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফেরেন স্পিকার।

আরসি-০১

জাতীয়