খেলাধুলা



খেলা ডেস্ক

জুলাই / ২৬ / ২০২৬


২০৩০ পর্যন্ত থাকার ‘স্বাক্ষর’ করলেন স্কালোনি


71

Shares


আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বর্তমানে নিজ শহর সান্তা ফে প্রদেশের পুজাতোতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। ২০২২ সালের বিশ্বকাপজয়ী কোচকে দেখতে প্রতিদিনই হাজার হাজার ভক্ত ভিড় করছেন। ডাগআউটের এই মাস্টারমাইন্ডকে ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভাসাচ্ছেন তারা। এই আবহের মাঝেই আলবিসেলেস্তাদের সঙ্গে তাঁর দায়িত্ব বজায় রাখতে এক খুদে ভক্তের আঁকা রূপক চুক্তিপত্রে সই করে এক হৃদয়স্পর্শী মুহূর্ত উপহার দিয়েছেন স্কালোনি।

‘২০৩০ বিশ্বকাপের জন্য চুক্তি,’— ফ্রাঙ্কো ওটাভিয়ানি নামক এক খুদে ভক্তের বিশেষভাবে তৈরি করা নোটে ঠিক এটাই লেখা ছিল। বাড়িতে আসা অন্যদের মতো এটিতেও কোনো দ্বিধা ছাড়াই স্বাক্ষর করেন স্কালোনি। এতেই ক্ষান্ত না হয়ে, সেই খুদে ভক্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়াকে উদ্দেশ্য করে একটি কৌতূহলোদ্দীপক বার্তাও পাঠায়।

সামাজিক মাধ্যমে তার বাবার শেয়ার করা একটি ভিডিওতে ওই খুদে ভক্তকে বলতে শোনা যায়, ‘এবার আপনার পালা।’ মূলত সে তাপিয়াকে উদ্দেশ্য করেই এসব কথা বলে।

আর্জেন্টিনা ফুটবল দলের দায়িত্ব ছাড়ার বিষয়ে স্কালোনির অনিশ্চয়তার মাঝেই ঘটল এই ঘটনা। স্পেনের বিপক্ষে ফাইনালে হারের পর তিনি বলেছিলেন, ‘চুক্তি থাকায় আমি ডিসেম্বর পর্যন্ত থাকব, আর এরপর সম্ভবত আমাকে সরে যেতে হবে।’

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জাতীয় দলের কোচ হিসেবে স্কালোনিকে রেখে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত একটি আবেগঘন ভিডিওতে তা প্রকাশ করেছেন এএফএ সভাপতি তাপিয়া। স্কালোনির আবেগ স্পর্শ করে তিনি বলেন, ‘আমি যদি আপনাকে বলি এখনও অনেক কিছু লেখা বাকি! কারণ ইতিহাস সবসময় আর্জেন্টিনা নিজেই লেখে। এই জার্সির ভরসা আপনার ওপর, কারণ আমরা যদি একসাথে এই অর্জনগুলো করতে পারি, তবে ভেবে দেখুন সামনে একসাথে আর কী কী অর্জন করতে পারব।’

সেপ্টেম্বরের ফিফা উইন্ডো ১৬ দিনব্যাপী স্থায়ী হবে। সে সময় আর্জেন্টিনা জাতীয় দল সর্বোচ্চ চারটি প্রীতি ম্যাচ খেলতে পারে। এরপর নভেম্বরে আরও ২টি প্রীতি ম্যাচ খেলেই ২০২৬ সালের আন্তর্জাতিক সূচি শেষ করবে আর্জেন্টিনা। এর মাঝে স্কালোনি সিদ্ধান্ত নেবেন, দলের সাথে থাকবেন কি না! যদি থাকেন, তবে সেই চুক্তিটি ২০৩১ অবধি হতে পারে।

২০৩০ সালের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবে সেপ্টেম্বর ২০২৭ থেকে। তবে আর্জেন্টিনা ইতোমধ্যেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলায় বাছাইপর্বে খেলবে চাপ ছাড়াই।


ওয়াইএফ/০৪

খেলাধুলা