সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ প্রতিবেদক

অক্টোবর / ০৪ / ২০২৬


আন্দোলনের মুখে সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষের পদত্যাগ


66

Shares


শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সিলেটের সুরমা নার্সিং কলেজের অধ্যক্ষ সাইদা ইয়াসমিন। রবিবার (৪ অক্টোবর) বিকেলে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

কলেজের ব্যবস্থাপনা পরিচালক আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যক্ষ সাইদা ইয়াসমিন পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে জ্যেষ্ঠ শিক্ষিকা স্বরূপা আক্তারকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এর আগে রবিবার (৪ অক্টোবর) সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেন শিক্ষার্থীরা। অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, ‘অধ্যক্ষ তাদের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করতেন। তার আচরণে অনেক শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।’

তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফজাল আহমদ অভিযোগ করে বলেন, ‘সম্প্রতি আমাদের কয়েকজন শিক্ষার্থীর নাইট ডিউটি ছিল। এ কারণে পরীক্ষার সময় পরিবর্তনের জন্য আমরা অধ্যক্ষের কাছে আবেদন করেছিলাম।

অধ্যক্ষ সেই আবেদন প্রত্যাখ্যান করার পাশাপাশি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।’ 

তিনি বলেন, ‘পরীক্ষার সময় পরিবর্তনের অনুরোধ করায় আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তাতে আমরা মানসিকভাবে কষ্ট পেয়েছি।’

অভিযোগ সম্পর্কে জানতে কলেজের অধ্যক্ষ সাইদা ইয়াসমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।


ওয়াইএফ/০৪

সিলেট প্রতিক্ষণ