29
Sharesসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় রুস্তম আলী (৬০) নামের এক ষাটোর্ধ্ব বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে বিল্লাল মিয়া (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক বিল্লাল কোম্পানিগঞ্জ উপজেলার ডাকাতিবাড়ি গ্রামের মহরম আলীর ছেলে।
আজ বুধবার (৪ নভেম্বর) সকাল আটটার দিকে উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকার পুরান সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে নিহত রুস্তম আলী তার দূর সম্পর্কের ভাতিজা বিল্লালকে পাগল ও গাঁজাসেবী বলে গালিগালাজ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটি হয়েছিল। বুধবার সকালে রুস্তম আলীকে একা পেয়ে বটিদা দিয়ে তার ওপর হামলা চালায় বিল্লাল। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওছমান গনি বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।