19
Sharesসিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।
মঙ্গলবার দুপুরে নগরের নাইওরপুল এলাকার হোটেল ফরচুন গার্ডেনে সংস্থাটির অস্থায়ী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।
অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। এ সময় সিলেটের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, 'নতুন একটি সরকারি সংস্থার যাত্রা শুরু সিলেটবাসীর জন্য আনন্দের বিষয়। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষকে সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি নগরের ভবিষ্যৎ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।'
তিনি বলেন, 'উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় থাকা জরুরি। সমন্বয়ের ঘাটতি থাকলে উন্নয়নকাজই অনেক সময় নতুন সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।'
এ প্রসঙ্গে তিনি বলেন, 'একটি সড়ক নির্মাণ বা সংস্কারের সময় কখনো গ্যাসের লাইন কেটে ফেলা হয়, পরে আবার সেই লাইন বসাতে হয়। একইভাবে পানির পাইপ সরিয়ে উন্নয়নকাজ করার পর আবার তা নতুন করে স্থাপন করতে হয়। এতে অর্থ ও সময় দুটোই অপচয় হয়।'
এ ধরনের সমস্যা এড়াতে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে আন্তঃসংস্থা সমন্বয় (ইন্টার-এজেন্সি হারমনি) নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষকে এ বিষয়ে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, 'সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ সরকারের নির্ধারিত দায়িত্ব ও প্রত্যাশা পূরণ করবে এবং সিলেটের আগামী দিনের উন্নয়নে সহযোগী ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশা।'
অনুষ্ঠানে নতুন এই কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাইওরপুলসংলগ্ন হোটেল ফরচুন গার্ডেনে অস্থায়ী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
আরসি-০১