171
Sharesইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত হাদিসুরের খোঁজে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন তার স্বজনরা।
এ মুহূর্তে তারা আহাজারি করছেন। ইউক্রেনে আটকে পড়া ২৮ নাবিকের দেশে ফেরার খবরে হাদিসুরের বাবা আব্দুর রাজ্জাক, মা রাশিদা বেগম ও ভাই প্রিন্সকে বিমানবন্দরে দেখা যায়। তারা বরগুনার বেতাগী থেকে এসেছেন।
হাদিসুরের স্বজনেরা জানান, তারা মনে করেছিলেন ইউক্রেন থেকে হাদিসুরের লাশও আসবে। তারা প্রধানমন্ত্রীর কাছে তাদের সন্তান হাদিসুরের লাশ দেশে আনার দাবি করেন। হাদিসুরের এক ভাই প্রিন্স বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে আমার ভাই হাদিসুরের লাশ দেশে পাঠানোর দাবি করছি।
ভাইকে যেন দেশের মাটিতে দাফন করতে পারি এতটুকুই চাই। হাদিসুরের মা বলেন, ছেলে আমারে ডাক্তার দেখাইছে। ঘটনার দিন সর্বশেষ সে আমারে কইছে, মা ঠিকমতো খাবার খাইবেন। সে আমার একমাত্র সন্তান।
গত ২ মার্চ ইউক্রেনে রাশিয়ার হামলায় ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে নিহত হন হাদিসুর রহমান। পরবর্তীতে জাহাজটিতে অবরুদ্ধ ২৮ নাবিককে উদ্ধার করে রোমানিয়ার বুখারেস্ট শহরের একটি হোটেলে রাখা হয়।