দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

জুন / ০২ / ২০২২


Jagannathpur-Sunamganj

ব্রিজ ভেঙে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ


152

Shares

জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের ভমভমি নামক স্থানে স্ট্রিল ব্রিজ ভেঙে যাওয়ায় সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে অনাকাঙ্খিত দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী ও সাধারণ মানুষ।

ভুক্তভোগী প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১ জুন) দুপুরে একটি পাথর ভর্তি ট্রাক নিয়ে ব্রিজের একাংশের স্ট্রিলের পাটাতন ভেঙে যায়।

এতে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে চলাচলকারী সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। যে কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।

এর আগে গত ২৯ মে চাল ভর্তি আরেকটি ট্রাক নিয়ে এ ব্রিজের পাটাতন ভেঙে গিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। ঝুঁকিপূর্ণ এ পুরাতন স্ট্রিল ব্রিজকে জোড়াতালি দিয়ে কোন রকমে যোগাযোগ ব্যবস্থা রক্ষা করা হচ্ছে।

বারবার পাটাতন ভেঙে যাওয়ার ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের দুর্ঘনার আশংকা করা হচ্ছে।

ঝুঁকিপূর্ণ এ ব্রিজটি বারবার দুর্ঘটনার পরও কর্তৃপক্ষের উদাসীনতায় পাকা সেতু নির্মাণ করা হচ্ছে না। জগন্নাথপুর উপজেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহ নিজামুল করিম জানান, এখানে ব্রিজ ভেঙে যাওয়ার ঘটনায় জগন্নাথপুর থেকে সুনামগঞ্জে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

তবে আপদকালীন ব্যবস্থা হিসেবে ওই ব্রিজের দুই পাশ থেকে যানবাহন চলাচল করছে। যাত্রী দুর্ভোগ লাঘবে দ্রুত ভেঙে যাওয়া ব্রিজটি মেরামত করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, ব্রিজের ভেঙে যাওয়া অংশে দ্রুত মেরামত কাজ চলছে। এ কাজ শেষ হলেই আবারো যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

দেশজুড়ে