158
Sharesরকেট হামলায় নিহত ‘এমভি বাংলার সমৃদ্ধি’র থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে রোমানিয়া পাঠানো হচ্ছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরে মরদেহ ইউক্রেন থেকে মলদোভা সীমান্তের উদ্দেশে রওনা হবে। মলদোভা থেকে নেওয়া হবে রোমানিয়ার বুখারেস্টে। এরপর মরদেহ দেশে আনা হবে। এর আগে বুধবার (৯ মার্চ) রাতে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন বিএমএমওএ সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন বলেন, অফিসিয়াল লোকজন না থাকায় হাদিসুরের মরদেহ ইউক্রেন থেকে রোমানিয়ায় নিয়ে যাওয়ার বিষয়টি বিলম্বিত হয়। বুধবার (৯ মার্চ) যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরে ইউক্রেন থেকে যাত্রা করে মলদোভা হয়ে বুখারেস্টে রওনা হবে হাদিসুরের মরদেহবাহী ফ্রিজার ভ্যান। উল্লেখ্য, ইউক্রেনের অলভিয়া বন্দরে গত ২ মার্চ রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান।
এরপর হাদিসুরের মরদেহ ও বেঁচে যাওয়া ২৮ নাবিককে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়। পরে শনিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় দুপুরে ইউক্রেনের ওলভিয়া বন্দর সংলগ্ন বাংকার (শেল্টার হাউজ) থেকে মলদোভার পথে যাত্রা শুরু করেন ২৮ নাবিক।
গত রোববার দুপুরে ইউক্রেন সীমান্ত পেরিয়ে মলদোভা হয়ে তারা রোমানিয়া পৌঁছান। এদিকে বুধবার (৯ মার্চ) দুপুরে নাবকিকে বহনকারী তার্কিশ এয়ারের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।