খেলাধুলা



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ১৯ / ২০২২


sylhet city

ব্যাটিংয়ে অবিশ্বাস্য রেকর্ড, বোলিংয়ে ৯ উইকেট...তবু দলে জায়গা নিয়ে টানাটানি


180

Shares

ম্যাট হেনরি কি স্কট বোল্যান্ডের মতো পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন?

ডিসেম্বর-জানুয়ারিতে সর্বশেষ অ্যাশেজ সিরিজে মেলবোর্ন টেস্টে অভিষেকেই ৭ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার। কিন্তু পরের টেস্টে দলে সুযোগ পাওয়া নিয়েই দোটানায় পড়ে গিয়েছিলেন। নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরিও ঠিক একই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন।

ক্রাইস্টচার্চ টেস্টে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ড ইনিংস ও ২৭৬ রানের জিতেছে, ম্যাচে ৫৫ রানে ৯ উইকেট নেন হেনরি। এমন পারফরম্যান্সের পরও শুক্রবার শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে তাঁর খেলা নিয়ে সন্দেহ আছে।

অথচ এই টেস্টে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন হেনরি। ব্যাট হাতে তো টেস্টে একটা ‘প্রথমের’ কীর্তিই গড়ে ফেলেছেন! প্রথম ইনিংসে এগারোতম ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেনদের বিপক্ষে ৬৮ বলে হেনরি করেছেন ৫৮ রান।

অথচ দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যান দুই ইনিংস মিলিয়েও তাঁর সমান রান করতে পারেননি! অধিনায়ক টেম্বা বাভুমা ও কাইল ভেরিনে নিউজিল্যান্ডের দুই ইনিংস মিলিয়ে করেছেন সর্বোচ্চ ৪৮। টেস্ট ইতিহাসে এমন ঘটনা এই প্রথম যেখানে এক দলের এগারোতম ব্যাটসম্যানের এক ইনিংসের স্কোর প্রতিপক্ষের কেউ দুই ইনিংস মিলিয়েও টপকে যেতে পারেনি! কিন্তু হেনরির মূল কাজ তো বোলিং, ‘রেকর্ডগড়া’ ব্যাটিংয়ের পরও সেটিই তাঁর দলে থাকা না–থাকার প্রথম মানদণ্ড।

সেখানেও হেনরি কী দারুণই না করলেন! ক্যারিয়ার–সেরা বোলিংয়ের পথে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ২৩ রানে ৭ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও ২ উইকেট নিয়ে ফিগার তুলে নেন হেনরি। তবু দ্বিতীয় টেস্টে তাঁর জায়গা নিয়ে অনিশ্চয়তা ট্রেন্ট বোল্টের কারণে। তৃতীয় সন্তানের মুখ দেখতে ক্রাইস্টচার্চ টেস্টে খেলেননি নিউজিল্যান্ডের তারকা পেসার বোল্ট। তাঁর জায়গায় দলে সুযোগ পান হেনরি।

তাতেই কিস্তিমাত! কিন্তু দ্বিতীয় টেস্টে বোল্ট ফিরলে স্বাভাবিকভাবেই হেনরিকে জায়গা ছাড়তে হবে। টিম সাউদি, নিল ওয়াগার কিংবা কাইল জেমিসন চোট না পেলে তাঁদের মধ্যে কাউকে বসানোর ভাবনা নেই নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্টের।

অর্থাৎ, এজাজ প্যাটেলের মতো দশা হতে পারে হেনরির। গত ডিসেম্বরে ভারতের মাটিতে টেস্টে ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়ে পরের টেস্টই দলে জায়গা পাননি এজাজ! যদিও এই স্পিনারকে বসিয়ে রাখার কারণ হিসেবে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে পেস কন্ডিশনের অজুহাত দেয় নিউজিল্যান্ড।

তবে হেনরির সমস্যা নিয়ে ক্রাইস্টচার্চে জয়ের পর কথা বলেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। সমস্যাটা মধুর বলেই উপভোগ করছেন তিনি, ‘এটা মধুর সমস্যা, কারণ খেলোয়াড়েরা দলে জায়গা পেতে লড়াই করছে আর যারা সুযোগ পাচ্ছে, তারাও পারফর্ম করে দলে জায়গা পোক্ত করতে চাচ্ছে।’

খেলাধুলা