বিজ্ঞান ও প্রযুক্তি



দেশদর্পণ ডেস্ক

সেপ্টেম্বর / ০৪ / ২০২৬


চ্যাটজিপিটিতে বড় প্রযুক্তিগত বিপর্যয়


12

Shares


জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট চ্যাটজিপিটিতে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় দেখা দিয়েছে। এতে বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারী সেবাটি ব্যবহার করতে গিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন।

চ্যাটজিপিটিতে প্রবেশের পর কম্পিউটারে অস্বাভাবিক ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

চ্যাটজিপিটির এ সমস্যাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য রসিকতাও কম হচ্ছে না। অনেক ব্যবহারকারী মজা করে বলছেন, চ্যাটজিপিটি বন্ধ থাকায় কাজ করতে এবার বাধ্য হয়েই নিজেদের মস্তিষ্ক ব্যবহার করতে হবে।

তবে বাংলাদেশে রাত পৌনে ১১টার দিকেও চ্যাটজিপিটি ব্যবহার করা গেছে।

এ বিভ্রাটের প্রভাব কেবল চ্যাটজিপিটিতেই আটকে নেই। এর ফলে অন্যান্য বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের কার্যক্রমেও বড় ধরনের ধাক্কা লেগেছে, যার বড় একটি অংশই এআইভিত্তিক ফিচারের জন্য ওপেনএআইয়ের ওপর নির্ভরশীল।

এ পরিস্থিতি নিয়ে ওপেনএআই বলেছে, তারা সমস্যাটি সম্পর্কে জানে ও তা সমাধানের উপায় খুঁজছে এবং সমাধানটি কার্যকর হয়েছে কি না তা যাচাই করা হচ্ছে।

তবে এর কিছুক্ষণ পরেই এক আপডেটে কোম্পানিটি স্বীকার করেছে, তাদের প্ল্যাটফর্মে ‘এখনও সেবার মান কিছুটা কম’।

চ্যাটবটের পাশাপাশি প্রোগ্রামিংয়ের কাজে চ্যাটজিপিটি ব্যবহারের বিশেষ টুল ‘কোডেক্স’-এর কার্যক্রমেও এই বিভ্রাটের প্রভাব পড়েছে।

এদিকে, চ্যাটজিপিটির এ বড় বিপত্তির সময় প্রতিদ্বন্দ্বী কিছু এআই প্ল্যাটফর্মেও বিভ্রাট দেখা দেওয়ার খবর মিলেছে।

অ্যানথ্রপিকের তৈরি ‘ক্লড’ ও ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মের ‘গ্রক’-এর মতো চ্যাটবটেও একই ধরনের সমস্যা হওয়ার কথা জানিয়েছেন কিছু ব্যবহারকারী।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, প্রতিদ্বন্দ্বী এসব চ্যাটবটের ক্ষেত্রে সমস্যার পরিধি তুলনামূলক কম এবং অনেক ব্যবহারকারীর জন্যই সেগুলোর সেবা সচল ছিল।


ওয়াইএফ/০১

বিজ্ঞান ও প্রযুক্তি