8
Sharesরাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তাকে সিলেটের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুটি মামলায় আবুল কাশেম পল্লবকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
এর আগে গত শনিবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে পল্লবকে গ্রেপ্তার করে পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় বিয়ানীবাজার থানার পুলিশ। পরে তাকে সিলেটে আনা হয়।
পুলিশ জানায়, আবুল কাশেম পল্লবের বিরুদ্ধে সিলেট ও বিয়ানীবাজারসহ বিভিন্ন থানায় হত্যা, বিস্ফোরক ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পরও বিয়ানীবাজারে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে পল্লব সক্রিয় ছিলেন। প্রকাশ্যে মিছিল-সমাবেশ আয়োজন ও আদালতের নির্দেশনা অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ওয়াইএফ/০২