113
Sharesকানাডার এডমন্টনে বসবাসরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শাবিপ্রবির বিভিন্ন ব্যাচের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা এতে অংশগ্রহণ করেন।
বনভোজনে অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে শাবিপ্রবিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের কানাডায়, বিশেষ করে এডমন্টনে, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। নতুন প্রজন্মের শাবিপ্রবিয়ানদের পাশে থাকার পাশাপাশি তাদের জন্য একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
প্রাক্তনরা বলেন, ‘এডমন্টনে অবস্থিত University of Alberta বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম। পাশাপাশি শাবিপ্রবির অনেক প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে Government of Alberta-সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত রয়েছেন। ফলে বর্তমান শিক্ষার্থীদের জন্য এডমন্টনে উচ্চশিক্ষা, পেশাগত জীবন ও নতুন পরিবেশে নিজেদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে প্রাক্তনদের অভিজ্ঞতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
আয়োজকরা জানান, শাবিপ্রবির বর্তমান শিক্ষার্থীরা কানাডায় আসার পরিকল্পনা করলে কিংবা উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে কোনো ধরনের দিকনির্দেশনার প্রয়োজন হলে তারা যেন প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতে দ্বিধা না করেন। পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
প্রবাসের মাটিতে আয়োজিত এই বনভোজন ও মিলনমেলা শুধু আনন্দ ও বিনোদনের আয়োজনই ছিল না; বরং শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন দৃঢ় করার পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের জন্য সহযোগিতা ও দিকনির্দেশনার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরিরও একটি উদ্যোগ হিসেবে আয়োজনটি বিশেষ গুরুত্ব বহন করে।
ওয়াইএফ/০১