150
Sharesকুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্ত এলাকা শিলখুড়ী ইউনিয়নে একই ঘরে স্বামী-স্ত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় মারা গেছে স্ত্রী রহিমা।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৩ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। তবে স্বামী আব্দুল আলিম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তার অবস্থায় আশঙ্কাজনক বলে স্বজনরা জানিয়েছে। আলিম-রহিমা দম্পতি উপজেলার সীমান্ত এলাকা শিলখুড়ী ইউনিয়নের কাজিয়ার চরের বাসিন্দা। নিহতের ছেলের বরাত দিয়ে ভূরুঙ্গামারী থানার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
স্বামী আলিম একটু উগ্র মেজাজের মানুষ। বুধবার (২৩ মার্চ) সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে দুজনই ঘরে ঢুকে শান্ত হয়ে যায়। এ সময় তাদের ছোট ছেলে বাইরে থেকে বাড়িতে এসে দেখতে পায় ঘরের দরজা বন্ধ।
পরে দরজার ফাঁক দিয়ে দেখতে পায় দুজনে বিছানায় শুয়ে। এ সময় ধাক্কাধাক্কি করে দরজা খুলে দুজনকে অসুস্থ্য অবস্থায় দেখতে পায়। পরে দেখা যায় দুজনে বিষ পান করেছে এবং ওর মা মারা গেছে। পরে সেখান থেকে উদ্ধার করে বাবা আলিমকে হাসপাতালে নেওয়া হয়।
শিলখুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, তাদের পারিবারিক ঝামেলা দীর্ঘদিনের। ওই দিনও ঝগড়ার পর এ ঘটনা ঘটে।
ভূরুঙ্গামারী থানার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, বুধবার (২৩ মার্চ) রহিমার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।