56
Sharesসিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের আয়োজনে প্রথমবারের মতো পোস্টার ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় এ ফ্যাস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এরপর নিবন্ধনকৃত শিক্ষার্থীরা তিনটি ক্যাটাগরিতে দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদানের মাধ্যমে ফ্যাস্টিভ্যালের সমাপ্তি হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, ‘সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩২টি দল এতে অংশ নিচ্ছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পপ্ন হয়েছে। তিনটি বিভাগে পৃথক তিনটি বিষয়ের ওপর শিক্ষার্থীরা এ ফ্যাস্টিভ্যালে অংশ নেবে। শিক্ষার্থীদের ইংরেজি ভাষা, সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতাবৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব দিয়ে এ ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে। এতে নিবন্ধিত শিক্ষার্থীদের সকাল সাড়ে ৯ ঘটিকায় অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।
পোস্টার ফ্যাস্টিভ্যালের উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডিন প্রফেসর মো. শফিউল আলম বলেন, ‘এসআইইউ ইংরেজি বিভাগ জ্ঞানচর্চাকে শুধুমাত্র পাঠ্যক্রমের ভেতরে সীমাবদ্ধ না রেখে সৃজনশীল ও মননশীলতার উন্মুক্ত চর্চায় বিশ্বাস করে। সেই লক্ষ্যে সিলেটের শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও সৃজন-মননচর্চাকে উৎসাহিত করতেই এ আয়োজন।’
তিনি আরও জানান, ‘ইংরেজি বিভাগ এসব নানামুখী আয়োজন নিয়মিত করে আসছে। তিনি অনুস্টিতব্য পোস্টার ফ্যাস্টিভ্যালে সংশ্লিষ্টদের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেন।’