153
Sharesগাজীপুরের গাছায় স্ত্রী ও ছেলেকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়া রিকশাচালক মো. মফিজ (৫৫) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। পুলিশকে ফাঁকি দিতে নিজের দাড়ি গোঁফ ছেঁটে ফেলেছিলেন মফিজ। সোমবার (২১মার্চ) রাত ১১টার দিকে রাজধানীর তেজগাঁও নয়াটোলা আমবাগ এলাকার একটি রিকশার গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার রামভদপুর গ্রামে।
গাজীপুর মহানগরের গাছা থানাধীন কলমেশ্বর এলাকায় পারিবারিক কলহের জেরে রোববার রাতে মফিজ তার স্ত্রী ও সন্তানকে হত্যা করে পালিয়ে যায়। নিহতরা হলেন- স্ত্রী রহিমা বেগম (৪০) ও ছেলে রোকন (১৬)।
গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় সোমবার দুপুরে নিহত রহিমা বেগমের বড় ভাই রাশেদুল ইসলাম বাদী হয়ে গাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার পরে মফিজ পালিয়ে গিয়ে ছদ্মবেশ ধারণ করতে গোঁফ ও দাড়ি ছেঁটে ফেলেন। গাছা থানা পুলিশের একটি দল গোয়েন্দা তৎপরতা চালিয়ে ঢাকার তেজগাঁও নয়াটোলা এলাকার আক্তার হোসেনের রিকশা গ্যারেজ থেকে গ্রেপ্তার করে।।