দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

জুন / ০১ / ২০২২


তরুণীর

জুড়ীতে নিখোঁজ তরুণীর সন্ধান মিলল ভারতের আসামে!


195

Shares

দুই সপ্তাহ আগে নিখোঁজ হওয়া পূর্ণিমা মুন্ডা (২৬) নামে এক মানসিক ভারসম্যহীন তরুণীকে ভারত থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। পূর্ণিমা মুন্ডা মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি এলাকার মংরু মুন্ডার মেয়ে।

বিজিবি ও পরিবার সূত্রে জানা যায়, ২৪ মে থেকে পূর্ণিমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ২৮ মে জুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ফেসবুকের মাধ্যমে তারা জানতে পারেন পূর্ণিমা ভারতের আসাম রাজ্যের আদমটিলা এলাকায় আছেন।

সেখানকার লোকজন তাকে পাথারকান্দি থানায় হস্তান্তর করেছে। এ সময় পূর্ণিমা পুলিশকে তাঁর নাম-ঠিকানা বলেন। পরে পুলিশ তাকে বিএসএফের কাছে হস্তান্তর করে। বিষয়টি বিজিবিকে অবহিত করা হলে তারা বিএসএফের কাছে পত্র বিনিময়ের মাধ্যমে আটকের সত্যতা পায়।

মঙ্গলবার সন্ধ্যায় জুড়ীর লাঠিটিলা সীমান্ত দিয়ে পূর্ণিমাকে হস্তান্তর করে বিএসএফ। এ সময় বিএসএফের পক্ষে ১৩৬ ব্যাটালিয়নের লাঠিটিলা ক্যাম্পের পরিদর্শক মনোজ কুমার ও বিজিবির ৫২ ব্যাটালিয়নের জুড়ী ক্যাম্পের কমান্ডার আবদুর রহিম উপস্থিত ছিলেন।

পরিবার জানায়, মানসিক ভারসাম্যহীন পূর্ণিমা কিভাবে পাহাড়ী পথ পাড়ি দিয়ে ভারতে গেল বিষয়টি তাদের জানা নেই। তবে বিজিবি কমান্ডার আবদুর রহিম প্রথমে কোন তথ্য দিতে না চাইলেও পরে জানান, পূর্ণিমা যে কোনোভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান। তাকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশজুড়ে