148
Sharesখাগড়াছড়িতে কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে করা মামলায় ২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় উভয়কে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক মুহাং আবু তাহের এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মাটিরাঙ্গার কাঁঠাল বাগান এলাকার রেজাউল হাওলাদার ও মো. সাবু মিয়া।
খাগড়াছড়ির রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো জানান, ২০১৬ সালের ১৭ এপ্রিল সাবু মিয়ার মাটিরাঙ্গার মুসলিম পাড়ার বাগান বাড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ধর্ষণের পর ভুক্তভোগী কিশোরী অপমান সহ্য করতে না পেরে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
পরে ৮ মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর একই বছরের ১৬ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তিনি আরও জানান, ধর্ষণের ঘটনায় ২০১৬ সালের ৭ নভেম্বর নিহত কিশোরীর বাবা মাটিরাঙ্গা থানায় মামলা করেন।
পরে রাষ্ট্রপক্ষ ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আজ বৃহস্পতিবার দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও উভয়কে ১০ লাখ টাকা করে ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে।