360
Sharesব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাঙচুরের অভিযোগ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
এ সময় আসবাবপত্রের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্যের ছবি ভাঙচুর করা হয়।
আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জামায়াত-শিবিরের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত। ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাহার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জামায়াত-শিবিরের লোকজন অতর্কিতভাবে এ হামলা চালিয়েছেন।
তবে, কি কারণে তারা হামলা করলো এ বিষয়টি জানার চেষ্টা চলছে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি বলেও জানান ধরমন্ডল ইউপি চেয়ারম্যান।
ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. রুবেল হোসেন জানান, কিছুদিন আগে জামায়াত-শিবিরের লোকজন মোদীবিরোধী মিছিল বের করতে চায়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাধার মুখে পড়ে মিছিল করতে পারেনি। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরের পর জামায়াত-শিবিরের লোকজন ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের ভাঙচুর করে।