দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২৮ / ২০২২


sylhet city

নিখোঁজের ১০ দিন পর ইজিবাইক চালকের লাশ উদ্ধার


156

Shares

নিখোঁজ হবার ১০ দিন পর ডোবা থেকে উদ্ধার করা হলো আবদুল আলী মাতুব্বর (৩৫) নামের এক ইজিবাইক চালকের লাশ।

রবিবার বেলা ১টার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া নামক স্থান থেকে এ লাশটি উদ্ধার করা হয়। নিহত আবদুল আলী মাতুব্বরের বাড়ী ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি গ্রামের ইমান আলী মাতুব্বরের পুত্র। পুলিশের ধারণা, ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে ডোবায় ফেলে রাখে দুর্বৃত্তরা। এ ঘটনায় নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আবদুল আলী দীর্ঘদিন ধরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। প্রতিদিনের মতো গত ১৭ ফেব্রুয়ারি ইজিবাইকটি নিয়ে বাড়ী থেকে বের হবার পর রাতে বাড়ী ফিরে না আসায় তার (আবদুল আলী) মোবাইলে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাননি। পরে এ বিষয়ে সালথা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। রবিবার নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামের একটি কচুরীপানাপূর্ন ডোবায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিখোঁজ আবদুল আলী মাতুব্বরের স্বজনেরা থানায় গিয়ে লাশটি শনাক্ত করেন। সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোঃ সুমিনুর রহমান জানান, ডোবা থেকে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

ধারনা করা হচ্ছে ইজিবাইকটি চুরির জন্যই তাকে হত্যা করে ডোবায় ফেলে রাখে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

দেশজুড়ে