25
Sharesবার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়েছে উচ্চ শিক্ষায় সিলেটের অন্যতম সুনামধন্য প্রতিষ্ঠান নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সোহেল বলেছেন, ‘আইনজীবীরা সমাজ ও রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যারা সংবর্ধিত হলেন তারা আগামী দিনগুলোতে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন বলে আমাদের বিশ্বাস।’
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা তিনটায় এনইইউবি অডিটরিয়ামে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ।
এনইইউবি’র আইন ও বিচার বিভাগের ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত চার ব্যাচের উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ বার কাউন্সিলের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে সনদপ্রাপ্ত ১২ জন নবীন আইনজীবীকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে নতুন আইনজীবী ও আইনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী বলেন, ‘সততা ও নৈতিকতার সঙ্গে এ বিষয়ে দায়িত্ব পালন করতে হয়। এই পেশায় রাতারাতি যশ-খ্যাতি-সম্মান পাওয়া যায় না। ব্যাপক পঠন-পাঠন ও অধ্যবসায়ের মাধ্যমে ধৈর্য সহকারে শুধু আইন বিষয়েই নয় বিজ্ঞান-প্রযুক্তিসহ তাবৎ বিষয়ে আইনজীবীদের জ্ঞান আহরণ করতে হয়। এজন্য এ পেশায় নিয়মানুবর্তিতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে খ্যাতি ও সম্মান অর্জন করতে হয়।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য, স্কুল অব সায়েন্সের ডিন ও এমপিএইচ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রনজিত কুমার দে।
এনইইউবি আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ড. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের বখত জুবের।
বিভাগের শিক্ষার্থী এহসানুর রহমান, নীপা শীল ও মাফিয়া বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. লিয়াকত আলী শাহ ফরিদী। নবীন আইজীবীদের পক্ষে বক্তব্য দেন তৌকির আহমেদ, বদরুজ্জামান, তাহমিনা নূর মৌলী, সারওয়ার আহমদ মাহিন, সাইফুল ইসলাম এবং রেদওয়ান আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সিএসই বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান রথীন্দ্র চন্দ্র গোপ, ডেভেলাপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মেছা. সুইটি খানম আইন ও বিচার বিভাগের শিক্ষক ব্যারিস্টার চৌধুরী এমএফইউএইচ হাশমী, মাহমুদ উন-নবী রূপক, আহমদ হোসেন আক্কাস, মকবুল হোসেন নোমান, মাহদী হাসান ফাগুন ও ঐশ্বরিয়া দাশ ঐশী প্রমুখ।
সন্ধ্যায় এনইইউবি প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান সমাপ্ত হয়।
ওয়াইএফ/০২