দেশজুড়ে



ডেস্ক রিপোর্ট

মার্চ / ২৩ / ২০২২


sylhet city

‘অবৈধ গ্যাস সংযোগ কাটা নিয়ে ইঁদুর-বিড়াল খেলা চলছে’


151

Shares

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লা বলেছেন, তিতাসের অধীন এলাকা অনেক বড়। এত বড় এলাকায় গ্যাসের পাইপলাইন পাহারা দেয়াটা কঠিন। একদিকে আমরা অবৈধ লাইন কেটে আসি, আরেকদিকে আবার লাগিয়ে দেয়া হয়। এক ধরনের ইঁদুর বিড়াল খেলা চলছে। এ জন্য আমরা সবার সহযোগিতা চাচ্ছি।

আজ বুধবার (২৩ শে মার্চ) রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রস্তাবিত গ্যাসের দামের ওপর তৃতীয় দিনের মতো গণশুনানি করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শুনানিতে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক এসব কথা বলেন। এ সময় কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, বজলুর রহমান, মোহাম্মদ আবু ফারুক উপস্থিত ছিলেন।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লাহ বলেন, হাজার হাজার-লাখ লাখ অবৈধ লাইন। এই লাইন পাহারা দেয়া আমাদের পক্ষে সম্ভব কিনা। একদিকে চুরি হয়ে যাচ্ছে, অন্যদিকে গ্যাসের চাহিদা আমরা পূরণ করতে পারছি না। এ জন্য এই অবৈধ সংযোগের বিষয়ে সবার সহযোগিতা চাই। তিনি বলেন, কেউ কেউ বলে তিতাসের সবাই খারাপ। আসলে সব খারাপ না। হয়তো ১০ ভাগ খারাপ। আর সব তো ভালো।

সবাই সহযোগিতা করলে কোনোকিছু অসম্ভব নয়। হারুনুর রশীদ আরও জানান, গত ডিসেম্বর মাসে ২৩ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একইভাবে জানুয়ারিতে ১৮ হাজার, ফেব্রুয়ারিতে ৩৩ হাজার এবং মার্চে ২৫ হাজার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। চুরি ঠেকাতে আমরা প্রিপেইড মিটার স্থাপনের কাজও করে যাচ্ছি। এদিকে বকেয়া গ্যাসের বিল পড়ে আছে, মামলার কারণে আটকে আছে আরও টাকা।

তিতাস গ্যাস কোম্পানি গৃহস্থালিতে ১১৭ শতাংশ দাম বৃদ্ধির প্রস্তাব করেছে। তবে বিইআরসি'র কারিগরি কমিটি মনে করে ১০ দশমিক ৭৬ শতাংশ বৃদ্ধি করা যেতে পারে। গ্রাহকদের দুই চুলার গ্যাসের দাম ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮০ টাকা এবং এক চুলার গ্যাসের দাম ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা করার সুপারিশ করেছে বাংলাদেশ এনাজি রেগুলেটরি কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি।

কারিগরি কমিটির সুপারিশ অনুযায়ী, বিদ্যুৎ খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৪ টাকা ৪৫ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩৪ পয়সা, ক্যাপটিভে ১৩ টাকা ৮৫ পয়সা থেকে বাড়িয়ে ১৫ টাকা ৫০ পয়সা, সারে ৪ টাকা ৪৫ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩৪ পয়সা, চা শিল্পে ১০ টাকা ৭০ পয়সা বাড়িয়ে ১২ দশমিক ৬৫, বাণিজ্যিকে ২৩ টাকা থেকে বাড়িয়ে ২৭ টাকা ৬০ পয়সা, সিএনজিতে ৪৩ থেকে বাড়িয়ে ৪৯ টাকা ৫০ পয়সা করার সুপারিশ করেছে কারিগরি কমিটি।

এছাড়া মিটারযুক্ত চুলার ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১২ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ১৮ টাকা করার সুপারিশ করা হয় শুনানিতে। এদিকে তিতাস গ্যাস কোম্পানি শুনানিতে জানায়, সরকারের বিভিন্ন সংস্থার কাছে বকেয়া ৭৪৩ কোটি টাকা, সিটি কর্পোরেশনের নিকট প্রায় ১০০ কোটি টাকা এবং বেসরকারিতে ৩ হাজার ৭৯৭ কোটি টাকা পাওনা রয়েছে।

দেশজুড়ে