সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

মে / ০১ / ২০২১


মেয়র আরিফ ও কাউন্সিলর আজাদ

পানির ব্যবস্থা করলেন মেয়র আরিফ ও কাউন্সিলর আজাদ


315

Shares

সিলেট সিটি করপোরেশরে মেয়র আরিফুল হক চৌধুরী ও ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের আশ্বাসের ভিত্তিতে এবং তাৎক্ষণিক পানির ব্যবস্থা করায় রাস্তা ছাড়লেন সিলেট-তামাবিল সড়ক অবরোধকারী বিক্ষুব্ধ জনতা। শনিবার (১ মে) রাত সাড়ে ১১টা থেকে নগরীর ২১ নং ওয়ার্ডের শিবগঞ্জ সোনারপাড়ার বাসিন্দারা পানির দাবিতে সিলেট-তামাবিল সড়কের ফরহাদ খাঁ পুলের সামনে আগুন জ্বেলে রাস্তা অবরোধ করেন।

অবরোধের এক ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও মহিলা কাউন্সিলর নাজনিন আক্তার কনা। এসময় তাদের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

অবরোধকারীদের মেয়র আরিফ আশ্বাস দিয়ে বলেন, তাৎক্ষণিকভাবে গাড়িতে করে হাহাকার করা মানুষের মাঝে পানি পৌঁছে দেবেন এবং রোববার (২ মে) দুপুরে নগরভবনে স্থানীয় কাউন্সলর এবং পানি শাখার কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করবেন। বৈঠকে সোনারপাড়া এলাকাবাসীর পানি সমস্যা নিরুপণ করা হবে দ্রুত সমাধানের পদক্ষেপ গ্রহণ করা হবে।

এসময় সিসিকের পানি শাখায় ফোন করে রাত ১টা থেকে ৩টা পর্যন্ত গাড়িতে করে সোনারপাড়াবাসীকে পানি দেয়ার জন্য বলেন কাউন্সিলর আজাদ।


মেয়র আরিফ ও কাউন্সিলর আজাদের এমন আশ্বাস এবং পদক্ষেপের ভিত্তিতে রাত পৌনে ১টার দিকে সড়ক অবরোধ তুলে নেন স্থানীয়রা।

অবরোধকালে সিলেট-তামাবিল সড়কের কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত গাড়ি। প্রায় দেড় ঘণ্টা পর  অবরোধ তুলে নিলে গাড়িগুলো ছুটে গন্তব্যের উদ্দেশ্যে।

সিলেট প্রতিক্ষণ