90
Sharesভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। ক্যাম্পাসের কিলো রোডের স্নিগ্ধ বাতাসে একদল তরুণের চোখেমুখে ছিল ক্লান্তিহীন উদ্দীপনা। লক্ষ্য দৌড়ানো, তবে কেবল শরীরের ফিটনেসের জন্য নয়—একজন সহপাঠীর জীবন বাঁচানোর তাগিদে। এমন এক মানবিক সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসার ফান্ড সংগ্রহে চ্যারিটি রান অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ‘সাস্ট ফিটনেস ক্লাব’-এর উদ্যোগে আয়োজিত এই চ্যারিটি রানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে ৫ কিলোমিটারের এই রান শুরু হয়। ক্যাম্পাসের নির্ধারিত রুট ঘুরে পুনরায় গোলচত্বরে এসে শেষ হয়।
আয়োজকরা জানান, এই ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ করা। অসুস্থ সহপাঠীর পাশে দাঁড়ানোর এই মহান আয়োজনে প্রতিযোগিতা বা বিজয়ের চেয়ে মানবিকতাই ছিল মূখ্য। তাই নিয়মমাফিক কোনো প্রতিযোগিতা বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাখা হয়নি। তবে প্রতিটি অংশগ্রহণকারীর জন্য ছিল প্রিমিয়াম টি-শার্ট ও নাশতার ব্যবস্থা।
ইভেন্ট শেষে চ্যারিটি রান থেকে অর্জিত আয়ের মোট ষাট হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়। ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের উপস্থিতিতে আশরাফুল আলমের বিভাগের প্রতিনিধিদের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের সার্বিক বিষয়ে চ্যারিটি রানের কনভেনর তারেকুল ইসলাম বলেন, "সাস্ট ফিটনেস ক্লাব সবসময় সুস্থতার পাশাপাশি মানবতায় বিশ্বাসী। আজ আমরা সবাই দৌড়েছি আমাদের একজন ভাইয়ের জন্য। এই আয়োজন সফল করতে শিক্ষার্থী, শিক্ষক, আমন্ত্রিত রানার এবং সাস্ট ফিটনেস ক্লাবের সদস্যদের কৃতজ্ঞতা জানান তিনি।"
এইচএইচ-০২/ওয়াইএফ-০৭