সিলেট প্রতিক্ষণ



দেশদর্পণ প্রতিবেদক

অক্টোবর / ০৯ / ২০২৬


সিলেট অ্যাম্বুলেন্স মাইক্রেবাস ও অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষ নিহত ২


71

Shares


সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো ৭ জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। 

শুক্রবার (৯ অক্টোবর) সকাল আটটার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসা ঢাকা মেট্রো-চ ১৯-৫০৫৩ নম্বরের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ছ ৭১-২৯৪৯), ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স এবং শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার (সুনামগঞ্জ-থ ১১-৪৮৪৪) মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের যাত্রী চাঁদপুর জেলার সদর উপজেলার মহামায়া গ্রামের সুহেল আহমদ (৪৭) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে খায়রুল হক (৪৫) নামের একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ, শেরপুর হাইওয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে মরদেহ হস্তান্তর করবে শেরপুর হাইওয়ে পুলিশ । দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে।’ 


ওয়াইএফ/০৮

সিলেট প্রতিক্ষণ