সিলেট প্রতিক্ষণ



কানাইঘাট প্রতিনিধি

অগাস্ট / ১৮ / ২০২৬


সিলেটের সীমান্তে আটক ৮ রোহিঙ্গাসহ ১২ জন কারাগারে


41

Shares


সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় আটক ৮ রোহিঙ্গা ও ৪ মানব পাচারকারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) তাদের আদালতে তোলা হলে আদালত এই নির্দেশ দেন। একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত দুটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। সোমবার কানাইঘাটের দিঘীরপাড় ইউনিয়নের কুওরেরমাটি মাদ্রাসার সামনে থেকে তাদের আটক করা হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল তিনটার দিকে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কুওরেরমাটি মাদ্রাসার সামনে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮ রোহিঙ্গাসহ ১২ জনকে থানায় নিয়ে আসে। বাকি চারজন মানবপাচারকারী। সিলেট নগরের কদমতলী এলাকা থেকে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে ওই ৮ রোহিঙ্গাকে কানাইঘাটে নিয়ে আসা হয়। দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে তাদের ভারতে পাঠানোর পরিকল্পনা ছিল।

আটক রোহিঙ্গা হলেন-এনায়েত হোসেন (১৮), আব্দুল মুবিন (২৪), জুবের আহমদ (১৮), আজিদা বেগম (১৮), জামিলা বেগম (২০), ফাতেমা বিবি (১৮), নুর ফাতেমা (১৮) ও আজিদা (১৮)। পুলিশ জানায়, তারা সবাই মিয়ানমারের নাগরিক এবং কঙ্বাজারের উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন।

তাদের সঙ্গে আটক চার মানব পাচারকারি হলেন -কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এরালীগুল বাঙ্গীছড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আছাদ আহমদ, বড়খেরড় গ্রামের বাতা মিয়ার ছেলে সাদ্দাম হোসেন এবং দুই সিএনজিচালিত অটোরিকশা চালক সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের মৃত হেদায়েতুল ইসলামের ছেলে রফিক আহমদ ও নেত্রকোনা সদর উপজেলার মইন নুরুলীয়া গ্রামের মৃত আবুল কাশের ছেলে এলাছ উদ্দিন।

সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মানব পাচারকারীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। উদ্ধার করা রোহিঙ্গা ভিকটিমদের যথাযথ আইনি প্রক্রিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আটক আসামিদের মঙ্গলবার যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পাচারে ব্যবহৃত দুটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।’


ওয়াইএফ/০৪

সিলেট প্রতিক্ষণ