167
Sharesদক্ষিণ আফ্রিকায় ব্যর্থতা সঙ্গী হয়েছে ভারতের। টেস্ট সিরিজ হারার পর ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয় ভারতীয়রা। দুঃসময় পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছন্দে ফিরেছে রোহিত শর্মারা। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের ওয়ানডেতে হোয়াইটওয়াশ করার পর এবার ১ ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করলো স্বাগতিকরা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ৮ রানের জয় পায় ভারত।
শুক্রবার কলকাতার ইডেন গার্ডেনে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৬ রান তোলে ভারত। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৮ রান করতে সমর্থ্য হয়। টসে হেরে ব্যাট করতে নেমে ফিফটি হাঁকান বিরাট কোহলি, ঋষভ পন্ত। কোহলি এবং পন্ত দুজনই করেন ৫২ রান। ফিফটি হাঁকানো ইনিংসে কোহলি ৪১ বলে এবং পন্ত ২৮ বলে হাঁকান সমান ৮টি করে বাউন্ডারি। শেষদিকে ১৮ বলে ৩৩ রানের ঝড়ো ব্যাটিংয়ে অপরাজিত থাকেন ভেঙ্কটেশ আইয়ার। ওয়েস্ট ইন্ডিজের রস্টন চেইজ ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট।
একটি করে উইকেট নেন শেল্ডন কটরেল ও রোমারিও শেফার্ড। জবাবে ৫৯ রানের মধ্যে ব্রেন্ডন কিং (২২) আর কাইল মেয়ার্সকে (৯) হারালেও রভম্যান পাওয়েল আর নিকোলাস পুরানের শতরানের জুটিতে ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ রক্ষা হয়নি। পুরান ৪১ বলে ৬২ রানে আউট হন। পাওয়েল ৩৬ বলে ৪ বাউন্ডারি আর ৫ ছক্কায় অপরাজিত থাকেন ৬৮ রানে।
৩ উইকেটে ১৭৮ রানে থামে ক্যারিবীয়রা। ভারতের ভুবেনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও রভি বিস্নয় ১টি করে উইকেট নেন। আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।