159
Shares২০০৯ সালের ১৪ মার্চ সর্বশেষ বিশ্বকাপের কোনো ম্যাচে জয় পেয়েছিল পাকিস্তানের নারীরা। সে ম্যাচের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর টানা ১৩ বছর ও ১৮ ম্যাচে বিশ্বকাপের মঞ্চে আর কোনো জয় পায়নি পাকিস্তান।
অবশেষে চলতি নারী বিশ্বকাপের আসরে এসে সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবার জয়ের দেখা পেল পাকিস্তান। দীর্ঘ ১৩ বছরের আক্ষেপ কাটালো বিসমাহ মারুফের দল। বিশ্বকাপের মঞ্চে ১৯তম ম্যাচে এসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে পাকিস্তানিরা।
আজ (২১ মার্চ) হ্যামিলটনে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। বৃষ্টির কারণে ২০ ওভারে নেমে আসা ম্যাচে উইন্ডিজ নারীরা প্রথমে ব্যাট করে তুলতে পারে ৭ উইকেটে ৮৯ রান। জবাবে ৭ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে বিসমাহর দল।
আগে ব্যাট করে নিদা ধারের বোলিং ঘূর্ণিতে অল্প রানে আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। এই পাকিস্তানি অফ-স্পিনার মাত্র ১০ রানে নেন ৪ উইকেট। উইন্ডিজদের পক্ষে দেয়ান্দ্রো দোত্তিন ২৭ ও অধিনায়ক স্টেফানি টেলর ১৮ রান করেন। পাকিস্তানের পক্ষে ম্যাচসেরা নিদা ছাড়া ১টি করে উইকেট পেয়েছেন আরও তিন বোলার।
লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার মাত্র ২২ রানের জুটি গড়তে পারেন। সিদরা আমিন ৮ রান করে ফ্লেচারের বলে ফিরে যান। আরেক ওপেনার মুনিবা আলী ৩৭ রান করে সেলমানের বলে আউট হন।
৫৭ রানে দুই উইকেট হারানোর পর অধিনায়ক বিসমাহ ও ওমাইমা অবিচ্ছিন্ন ৩৩ রানের জুটি গড়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন। বিসমাহ ২০ ও ওমাইমা ২২ রানে অপরাজিত থাকেন।