খেলাধুলা



ডেস্ক রিপোর্ট

মার্চ / ১০ / ২০২২


news part

৩০শে মার্চ মেলবোর্নে ওয়ার্নের শেষ বিদায়


175

Shares

মৃত্যু অবশ্যম্ভাবী হলেও শেন ওয়ার্নের মরণ যেনো অকল্পনীয়। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও অস্ট্রেলিয়ান কিংবদন্তি রডনি মার্শকে নিয়ে শোকবার্তা দেন এই স্পিন জাদুকর। কে জানত একই দিনে ওয়ার্নেরও বাজতে শুরু করবে বিদায়ের বিউগল।

থাইল্যান্ডে অবকাশ যাপন করতে গিয়ে ইহলোক ত্যাগ করেন সর্বকালের অন্যতম সেরা এই লেগ স্পিনার। কিংবদন্তি ক্রিকেটার ওয়ার্নকে শেষ বিদায় জানাতে প্রস্তুত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। আগামী ৩০শে মার্চ ওয়ার্নকে রাষ্ট্রীয়ভাবে দেয়া হবে শেষ বিদায়। ভিক্টোরিয়া রাজ্যের সরকার প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুস নিশ্চিত করেছেন এ খবর। বুধবার সামাজিক এক টুইট বার্তায় ড্যানিয়েল লিখেন, ‘ওয়ার্নিকে বিদায় জানানোর জন্য ‘জি’-র (এমসিজিকে অনেকেই শুধু জি নামে ডাকেন) চেয়ে বেশি উপযুক্ত জায়গা বিশ্বে আর কোথাও নেই।’

ওয়ার্নের শেষ বিদায়ের এই অনুষ্ঠানের টিকিট সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। প্রায় এক লক্ষ ধারণক্ষমতার এই স্টেডিয়ামে দর্শকসংখ্যায় কোনো বাঁধাধরা থাকবে না বলে জানানো হয়েছে। ড্যানিয়েল বলেন, ‘এটা খুব বড় একটা অনুষ্ঠান হবে। এটা তার (ওয়ার্ন) জীবনের উদযাপন হবে, যেমনটা হওয়া উচিত।’ ১৯৯৪ সালে বিখ্যাত অ্যাশেজ হ্যাটট্রিক এবং ২০০৬ সালে বক্সিং ডে টেস্টে নিজের ৭০০তম উইকেট মেলবোর্নের মাঠেই নিয়েছিলেন ওয়ার্ন।

এছাড়াও তার ক্যারিয়ারের অনেক উল্লেখযোগ্য মুহূর্ত ছিল এমসিজিতে। শুক্রবার থাইল্যান্ডের সামুইয়ের সামুজানা রিসোর্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেন ওয়ার্ন। অস্ট্রেলীয় কিংবদন্তির মৃত্যুর সংবাদ জানিয়ে তার ম্যানেজমেন্ট টিম এক বিবৃতিতে জানিয়েছিল, শনিবার প্রথম প্রহরে (অস্ট্রেলিয়ান সময় অনুযায়ী) থাইল্যান্ডের কোহ সামুইয়ের একটি বাংলোতে হার্ট অ্যাটাকের কারণে মারা গিয়েছেন ওয়ার্ন। বিবৃতিতে বলা হয়েছিল, ‘নিজের বাংলো বাড়িতে নিথর অবস্থায় পাওয়া যায় শেন ওয়ার্নকে। মেডিকেল স্টাফদের সর্বাত্মক চেষ্টার পরও ফেরানো যায়নি তাকে।

’ ১৪৫ টেস্টের ক্যারিয়ারে ৭০৮টি উইকেট নিয়েছেন শেন ওয়ার্ন। যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৪ ওয়ানডেতে তার শিকার ২৯৩ উইকেট। ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরা হন ওয়ার্ন। ১৯৯২ সালে সিডনিতে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক ওয়ার্নের।

পরের বছর ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন প্রথম ওয়ানডে। সাদা পোশাকে সর্বশেষ ম্যাচ ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে। যেখানে শুরু, সেই সিডনিতেই টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন তিনি। দুই বছর পর মেলবোর্নে আইসিসি বিশ্ব একাদশের হয়ে এশিয়ান একাদশের বিপক্ষে খেলেন ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ।

খেলাধুলা