খেলাধুলা



ডেস্ক রিপোর্ট

এপ্রিল / ০৪ / ২০২২


nice

৫৩ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ, টপকাতে পারলো না জিম্বাবুয়েকে


159

Shares

শেষ দিন মাত্র ১৩ ওভার খেলতে পারলো বাংলাদেশ। এরমধ্যে ৭ উইকেট হারিয়ে তুলতে পেরেছে কেবল ৪২ রান। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

প্রোটিয়াদের মাটিতে সর্বনিম্ন স্কোরের মধ্যে যা চতুর্থ। দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বনিম্ন স্কোরের লজ্জার রেকর্ডের পথে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে টপকাতে পারলেও জিম্বাবুয়েকে টপকাতে পারলো না মুমিনুল হকের দল।

প্রোটিয়ায় নিউজিল্যান্ড সর্বনিম্ন ৪৫ রানে অলআউট হয়েছিল। ভারনন ফিল্যান্ডারের তোপে অস্ট্রেলিয়া অলআউট হয়েছিল ৪৭ রানে। এছাড়া পাকিস্তানকে ৪৯ রানের লজ্জা দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এতদিন সর্বনিম্ন স্কোরের তালিকায় জিম্বাবুয়ের ৫৪ ছিল চারে। এবার সেই জায়গা বাংলাদেশ দখল করে জিম্বাবুয়েকে এক ধাপ পিছিয়ে দিয়েছে। ডারবান টেস্টে চতুর্থ ইনিংসে ২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমেছিল টাইগাররা।

চতুর্থ দিন বিকালে খেলতে নেমে প্রথম ৬ ওভারের মধ্যে ১১ রানে ৩ উইকেট হারিয়েছিল টাইগাররা। যদিও শেষ দিন ব্যাটসম্যানরা ভালো কিছু করবে বলে আশা করেছিল টাইগার টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তবে টিম ম্যানেজারকে ভুল প্রমাণ করে ক্রিকেটাররা দ্রুত প্যাভিলিয়নের পথ ধরেন।

শেষদিন মাত্র ১৩ ওভার খেলতে পারে বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ওভারে মুশফিকের বিদায়ে যার শুরু। কেশভ মহারাজের বলে এলবিডাব্লিউ হয়ে ব্যক্তিগত শূন্য রানে বিদায় নেন অভিজ্ঞ এই ক্রিকেটার। মহারাজ নিজের পরের ওভারে ফেরান লিটনকেও। প্রোটিয়া ফিল্ডার সাইমন হার্মারকে যেন ক্যাচ প্র্যাক্টিস করিয়েছিলেন লিটন।

আগের বলেই মিড-উইকেট এরিয়া দিয়ে ২ রান নেওয়া লিটন পরের বলে আবার একই অঞ্চলে উড়িয়ে মারার চেষ্টা করেন। তবে মিড অনে হার্মারের ক্যাচে পরিণত হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন লিটন।

পঞ্চম দিন নিজের তৃতীয় ওভারে এসে ইয়াসির রাব্বীকে ফিরিয়ে ইনিংসে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন মহারাজ। ওভারের দ্বিতীয় বলে চার মারা চতুর্থ বলে লাইন মিস করে বোল্ড হয়ে ফেরেন। টাইগারদের শেষ ইনিংসে ৬ ওভার বোলিং করে ১৪ রানে ৫ উইকেট পূর্ণ করে ফেলেন এই বাঁহাতি স্পিনার। এর আগের দিন এক উইকেট নেওয়া হার্মার এদিন মিরাজকে ফিরিয়ে মহারাজের সঙ্গে তাল মেলান।

শূন্য রানে স্লিপে কিগান পিটারসেনের ক্যাচে পরিণত হয়ে ফেরেন মিরাজ। এরপর শান্ত ও তাসকিনের ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বনিম্ন টেস্ট স্কোর থেকে মুক্তি পায় টাইগাররা। শান্ত ২৬ রান করে হার্মারের বলে স্টাম্পড হয়ে ফেরেন। এরপর তাসকিন ১৪ রান করলে বাংলাদেশ কোনোরকমে পঞ্চাশের কৌঠা পেরোয়।

শেষ পর্যন্ত ডারবানে দুই দলের মধ্যকার প্রথম টেস্টে প্রোটিয়ারা ২২০ রানে জিতেছে। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথম ও দ্বিতীয় ইনিংসে করে যথাক্রমে ৩৬৭ ও ২০৪ রান। বাংলাদেশ দুই ইনিংসে করে যথাক্রমে ২৯৮ ও ৫৩ রান।

খেলাধুলা