খেলাধুলা



ডেস্ক রিপোর্ট

মার্চ / ০৩ / ২০২২


dhakacity

আফগানদের বিপক্ষে জয়ের খরা কাটাতে পারবে তো বাংলাদেশ?


166

Shares

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ৮ ম্যাচ আগে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল মঞ্চে ওঠার পর আর কোনো জয় দেখেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। টিম টাইগারের শেষ জয় দুর্বল পাপুয়া নিউ গিনির বিপক্ষে।

সবার অপেক্ষা দীর্ঘ জয়ের খরা কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে আজ (৩ মার্চ) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জয়ের দেখা পাবে তো বাংলাদেশ? আজ বিকেল ৩টার ম্যাচে জয়ের জন্য মরিয়া টাইগাররা নিজেদের শক্তিমত্তা বাড়াতে আবার সিনিয়রদের ওপর ভরসা করেই স্কোয়াড সাজিয়েছে। বিশ্বকাপ পরবর্তী পাকিস্তান সিরিজে তরুণ শামীম পাটোয়ারি, সাইফ হাসানদের সুযোগ দিলেও, আফগানদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের জন্য সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাসদের ফিরিয়েছে টিম ম্যানেজমেন্ট।

অপরদিকে আফগানরা টাইগারবধের পরিকল্পনা হিসেবে দলের তরুণ তুর্কিদের ওপর ভরসা করছে। দলের সিনিয়র মোহাম্মদ শাহজাদ, গুলবাদিন নাইব, হামিদ হাসানদের বদলে স্কোয়াডে তাই জায়গা করে নিয়েছে দারওয়াইশ রাসুলি, আজমতউল্লাহ ওমারজাই এবং নিজাত মাসুদের মতো ক্রিকেটার। এদিকে বাংলাদেশের জন্য হতাশার খবর হচ্ছে অভিজ্ঞ মুশফিকুর অনুশীলনে আঙুলের ইনজুরিতে পড়ে প্রথম ম্যাচের জন্য অনিশ্চিত হয়ে গেছেন।

তার বদলে প্রথম ম্যাচের ১৭ ঘণ্টা আগে দলে হুট করে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান। এ ছাড়া আজ টি-টোয়েন্টি অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্ফোরক ওপেনার মুনিম শাহরিয়ারের। কেবল নিজেদের জয়ের খরা কাটানো নয়, আফগানদের বিপক্ষে এই ফরম্যাটে নিজেদের প্রমাণের বিষয়ও রয়েছে টিম টাইগারদের সামনে।

আফগানদের বিপক্ষে এখন পর্যন্ত ৬টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়ে ২ ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। জবাবে আফগানদের জয় ৪টি। অবশ্য দুই দলের মধ্যকার সর্বশেষ ম্যাচে জয় ছিল টাইগারদের।

খেলাধুলা