206
Sharesগত বছর মালদ্বীপে অনুষ্ঠিত এএফসি কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোহনবাগান ক্লাবের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। ওই ম্যাচ জিতলেই ইতিহাস গড়তে পারত বসুন্ধরা কিংস।
কিন্তু মালেতে সেদিন ১–১ গোলে ড্র করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। আর প্রথমার্ধে একেবারে শেষ দিকে লাল কার্ড দেখেন সুশান্ত। ওই লাল কার্ডের কারণেই এএফসি কাপে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন জাতীয় দলের এই ডিফেন্ডার। পাশাপাশি তাঁকে এক হাজার ডলার জরিমানাও করা হয়েছে। বসুন্ধরা ছেড়ে এবারের মৌসুমে আবাহনী লিমিটেডে নাম লিখিয়েছেন সুশান্ত।
মার্চে আবাহনীর হয়ে এএফসি কাপের প্লে–অফ ম্যাচ খেলার কথা তাঁর। এমন সময়ে নিষেধাজ্ঞা আসায় এএফসি কাপে খেলা হচ্ছে না সুশান্তর। বিষয়টি নিশ্চিত করেছেন আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস, ‘আমরা তিন দিন আগে চিঠি পেয়েছি এএফসি থেকে। তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে এবং এক হাজার ডলার জরিমানাও করা হয়েছে। সাধারণত লাল কার্ডের পর এক ম্যাচ নিষিদ্ধ থাকেন একজন ফুটবলার।
কিন্তু সুশান্তকে কেন তিন ম্যাচ নিষিদ্ধ করা হলো সেটা জানতে আমরা চিঠি দিয়েছি এএফসিতে।’ এএফসি কাপের সেই ম্যাচে অবশ্য প্রথমার্ধে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। কিন্তু সুশান্ত ত্রিপুরার লাল কার্ডে দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে খেলতে হয় বসুন্ধরা কিংসকে। সুযোগ কাজে লাগিয়ে মোহনবাগানের হয়ে সমতাসূচক গোলটি করেন অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড উইলিয়াম।