169
Sharesলড়াইটা বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের। দুই দলের সংগ্রহ সমান নয় পয়েন্ট করে। তবে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল সাত ম্যাচ খেললেও ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলেছে ছয়টি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। ঢাকা, চট্টগ্রাম, ঢাকা ঘুরে বিপিএল এখন সিলেট মাতানোর অপেক্ষায়। সবচেয়ে বাজে অবস্থায় থাকা সিলেট সানরাইজার্সও নতুন স্বপ্ন দেখছে নিজেদের আঙিনায় এসে।
দিনের দ্বিতীয় ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। দারুণ ছন্দে থাকা বরিশালের মাথাব্যথার কারণ এখন ক্রিস গেইল। তার ব্যাটে রান নেই। দলের অনুশীলনেও নিয়মিত থাকেন না। একাদশ সাজাতে গিয়ে তাতে দলের ওপরও প্রভাব পড়ে। তবে নামটা গেইল বলে অনেক কিছু সরাসরি বলতেও পারে না টিম ম্যানেজমেন্ট।
গেইল রান না পেলে সেটা দলের জন্য বোঝা হয়ে দাঁড়ায় বলে মনে করেন বরিশালের ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদীন ফাহিম। রোববার তিনি বলেন, ‘সত্যি বলতে, হ্যাঁ, বোঝা হতে পারে। সে যদি রান না করে, তার কাছ থেকে এরপর অনেক কিছু পাওয়ার থাকে না। হয়তো ফিল্ডিংয়ে তাকে কিছুটা লুকিয়ে রাখতে হয়।’
তিনি বলেন, ‘এখনো তার ওই ক্ষমতা আছে পাঁচ ওভারের মধ্যে খেলাটাকে ঘুরিয়ে দেওয়ার, এখনো সেই সামর্থ্য আছে। সেজন্য আমরা তার ওপর বিশ্বাস রাখছি এবং ওই জায়গাটা ওকে ছেড়ে দিয়েছি, যেন পুরোপুরি মনোযোগী হতে পারে ওখানে।’ বরিশাল ও কুমিল্লা দুই দলেরই আগের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট হারাতে হয়েছে। এবার একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার পালা।
বিদেশি তারকা ক্রিকেটারে ভরা কুমিল্লা নিজেদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এদিকে সিলেটের শেষ চারে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে ঘরের মাটিতে ভালো কিছু করতে পারলে তারাও শেষ চারের দৌড়ে থাকবে।
মোসাদ্দেক হোসেনের দলটি ব্যাটিং-বোলিং কোনোটাতেই এখনো নিজেদের সেরাটা মেলে ধরতে পারেনি। চট্টগ্রামে খুলনা খেই হারিয়েছিল।