খেলাধুলা



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ১৭ / ২০২২


sylhet city

ব্রাজিলের বাইরে গেলেই গ্রেপ্তার হবেন ধর্ষণ মামলার আসামী রবিনহো


161

Shares

হলুদ-নীল জার্সিতে বিশ্ব মাতিয়েছেন। ক্লাব ফুটবলেও ছড়িয়েছেন দ্যুতি। ব্রাজিল ফুটবলের এক সময়ের হার্টথ্রব রবিনহো এখন খবরের শিরোনাম হন ধর্ষণ মামলার আসামী হিসেবে। গ্যাং রেইপের দায়ে ৯ বছরের কারাদণ্ড প্রাপ্ত রবিনহো ব্রাজিলের বাইরে গেলেই হবেন গ্রেপ্তার।

রবিনহোর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইতালির বিচারক মন্ত্রণালয়। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে গ্রেপ্তারি পরোয়ানাটি কার্যকর করার আহ্বান জানিয়েছে তারা। সাল ২০১৩, ইতালিয়ান সিরি আর দল এসি মিলানে খেলতেন রবিনহো। সেসময় আরও চার জনের সঙ্গে রবিনহো মিলানের একটি নাইটক্লাবে ২২ বছর বয়সী এক নারীকে যৌন নির্যাতন করেন। দোষী প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের নভেম্বরে ৯ বছরের কারাদণ্ড দেয়া হয় তাকে।

খবর অনুযায়ী, নেশাগ্রস্ত থাকায় ধর্ষকদের রুখতে পারেননি ভিক্টিম তরুনী। তিনি যাতে তন্দ্রাছন্ন থাকেন সে জন্য নাকি রবিনহো এবং তার চার বন্ধু তাকে মাদক মেশানো পানীয় পান করায়। যদিও ব্রাজিলিয়ান তারকা তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন। ফেসবুক, ইনস্টাগ্রামে নিজেকে নির্দোষও দাবি করেন এই এসি মিলান তারকা। রবিনহো সেই রায়ের বিরুদ্ধে আপিলও করেছিলেন। কিন্তু ২০২০ সালের ডিসেম্বরে ব্রাজিলিয়ান স্টারের আপিল খারিজ করে দেয় আদালত।

পরে ইতালির সুপ্রিম কোর্টে আপিল করেও কোনো লাভ হয়নি। গত মাসে তার আপিল খারিজ করে শাস্তি বহাল রাখে সর্বোচ্চ আদালত। বর্তমানে নিজ দেশ ব্রাজিলে অবস্থান করছেন রবিনহো। দেশটি তার নাগরিককে অন্য কোনো দেশে বিচারের জন্য ফেরত পাঠায় না। তাই দেশের বাইরে গেলেই কেবল গ্রেপ্তারের মুখোমুখি হবেন তিনি।

দেশেও শাস্তির মুখোমুখি হতে পারেন ৩৮ বছর বয়সী রবিনহো। কারণ, ইতালিতে সংগঠিত অপরাধ যদি ব্রাজিলেও অপরাধ হিসেবে গণ্য হয় সেক্ষেত্রে শাস্তি ভোগ করতে হয়। রবিনহো ২০২০ সালের অক্টোবরে নিজ দেশের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু ক্লাব সমর্থক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর চাপে চুক্তি স্থগিত করে সান্তোস।

ব্রাজিলের জার্সিতে ১০০ ম্যাচ খেলেছেন রবিনহো। আন্তর্জাতিক অঙ্গনে তার গোল সংখ্যা ২৮। ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও ম্যানচেস্টার সিটিতে খেলেছেন রবিনহো। তার মধ্যে এসি মিলানে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত মিলানের ক্লাবটির হয়ে ১৪৪ ম্যাচ খেলেন তিনি। রিয়াল মাদ্রিদের জার্সিতে ১৩৭ ম্যাচ এবং ম্যানচেস্টার সিটির হয়ে ৫৩ ম্যাচ খেলেন।

খেলাধুলা