সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

জুলাই / ১৪ / ২০২৬


ছয় দিন ধরে নিখোঁজ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা


71

Shares


ছয় দিন ধরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল্লাহ জেলিন (২৬) নিখোঁজ রয়েছেন।  গত ৮ জুলাই সন্ধ্যার পর বিমানবন্দরের আবাসিক এলাকার কোয়ার্টার থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে তার খোঁজ মিলছে না।

থানায় জিডির পর পুলিশ তৎপর হলেও এখনো কোনো হদিস মিলেনি।

মো. আরিফুল্লাহ জেলিন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মিনাপুর গ্রামের বাসিন্দা।

নিখোঁজ নিরাপত্তা কর্মকর্তা জেলিনের মামা আবুল কালাম আজাদ বলেন, ‘ছুটিতে বাড়ি গিয়েছিল জেলিন। ছুটি শেষে ৭ জুলাই সিলেটে এসে বিমানবন্দর আবাসিক এলাকার কোয়ার্টারে ফিরে সে। পরদিন সন্ধ্যার পর কোয়ার্টার থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। সিলেট ফেরার পর কর্মস্থলেও আর যোগ দেয়নি জেলিন, বাড়িতেও ফেরেনি।’

নিখোঁজের ঘটনার একদিন পর গত ৯ জুলাই সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জেলিনের সহকর্মী ধনঞ্জয় কুণ্ডু।

জেলিনের মা ফরিদা ইয়াসমিন জানান, গত ৭ এপ্রিল ঢাকায় চাকরিতে যোগ দেন জেলিন এবং পরে তাকে সিলেটে স্থানান্তর করা হয়। সিলেটে যোগ দেওয়ার পর কাজে অতিরিক্ত পরিশ্রমের কথা বলে ছেলে প্রায়ই তাকে ফোন দিতেন। পরে ছেলের আবদারে তিনি গত ১৩ এপ্রিল সিলেট আসেন এবং ছেলেকে সঙ্গে নিয়ে ১৫ এপ্রিল গ্রামের বাড়ি ফিরে যান। ছুটি কাটিয়ে গত ৭ জুলাই জেলিন পুনরায় সিলেটে কর্মস্থলে ফেরেন।’

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, ‘এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। জেলিন নিখোঁজ হয়েছেন, নাকি অন্য কোনো কারণে কোথাও চলে গেছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।’

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, ‘পারিবারিক সূত্রে যতটুকু জানতে পেরেছি, তিনি চাকরি করতে ইচ্ছুক ছিলেন না।’ 

ওসি বলেন, ‘সবশেষ তার মোবাইল লোকেশন গোয়াইনঘাটে শনাক্ত করা গিয়েছিল। সেখানে যে এলাকার লোকেশন পাওয়া গিয়েছিল সেখানে আমরা খুঁজেছি কিন্তু পাওয়া যায়নি। আমাদের চেষ্টায় ত্রুটি করছি না।’




ওয়াইএফ/০২

সিলেট প্রতিক্ষণ