67
Sharesঢাকা-সিলেট-ঢাকা রুটে যাত্রীচাপ কমাতে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামে নতুন এক জোড়া বিরতিহীন ট্রেন চালুর অনুমোদন দিয়েছে সরকার। তবে নতুন ইঞ্জিন ও কোচ সংগ্রহের পরই ট্রেনটি চালু হবে।
বুধবার জাতীয় সংসদে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ নামে ঢাকা-সিলেট-ঢাকা রুটে এক জোড়া বিরতিহীন ট্রেন চালুর অনুমোদন দিয়েছেন। প্রয়োজনীয় রোলিং স্টক হাতে পাওয়ার পর ট্রেনটি চালু করা হবে।
তিনি জানান, রেলওয়ের জন্য ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ চলছে। পাশাপাশি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) অর্থায়নে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের জন্য আরেকটি ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
কোচ ও লোকোমোটিভ সংগ্রহ শেষ হলে নতুন ট্রেনটি চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
একই অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নানের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা-সিলেট রেলপথটি মিটারগেজ লাইনে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এ রুটকে ডুয়েলগেজ বা ব্রডগেজে উন্নীত করা হলে এবং প্রয়োজনীয় রোলিং স্টক সংগ্রহ করা গেলে ব্রডগেজ যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি বিবেচনা করা হবে।
আরসি-০১