94
Sharesম্যাচের আগে নরওয়ে রেখে যে হালান্ডের কথা হচ্ছিল সেই হাল্যান্ডকে শেষপর্যন্ত ঠেকাতে পারেনি ব্রাজিল। বিশ্বকাপে অঘটনের জন্ম দিল নরওয়ে। দ্বিতীয়ার্ধের শেষ দিকে আর্লিং হালান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ইউরোপের দলটি।
বিশ্বকাপের শেষ ষোলোর এই ম্যাচে দীর্ঘ সময় গোলশূন্য থাকার পর ৭৯তম মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের ক্রস থেকে হেডে গোল করে নরওয়েকে এগিয়ে দেন হালান্ড। এরপর ম্যাচের শেষ ভাগে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার।
ব্রাজিল একটি গোল শোধ করলেও ম্যাচে আর ফিরতে পারেনি। ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে সেলেসাওদের।
এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা মেক্সিকো।
ব্রাজিলের বিপক্ষে নরওয়ের রেকর্ডও আরও সমৃদ্ধ হলো। ইতিহাসে ব্রাজিলের মুখোমুখি হয়ে এখনো অপরাজিত রয়েছে নরওয়ে।
এটি ছিল দুই দলের পঞ্চম মুখোমুখি লড়াই। এর মধ্যে তিনটিতেই জয় পেয়েছে নরওয়ে, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ ব্রাজিলের বিপক্ষে এখনো কোনো ম্যাচ হারেনি নরওয়েজিয়ানরা।
বিশ্বকাপের মঞ্চেও ব্রাজিলের বিপক্ষে নরওয়ের এটি দ্বিতীয় জয়। এর আগে ১৯৯৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়েছিল তারা। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর এই জয় সেই স্মৃতিকেই নতুন করে ফিরিয়ে আনল।
হালান্ডের দুর্দান্ত নৈপুণ্যে বিশ্বকাপের অন্যতম ফেবারিট ব্রাজিলকে বিদায় করে নরওয়ে এখন শেষ আটে নতুন চমকের অপেক্ষায়।
ওয়াইএফ/০১