179
Sharesঅবশেষে নিভে গেল কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের জীবনপ্রদীপ।
গানের পাখির গলা দিয়ে বেরোবে না আর নতুন সুর, সুরের দ্যোতনায় মুগ্ধ হবে না চারপাশ। আজ সকাল ৮টা ১২ মিনিটে মধ্য মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
স্বাভাবিকভাবেই শোকে মুহ্যমান গোটা ভারত, যে শোকে কাবু ভারতের ক্রীড়াঙ্গনও। সামাজিক যোগাযোগমাধ্যম ভরে গিয়েছে লতার প্রতি ক্রীড়াতারকাদের শ্রদ্ধার্ঘ্যে। সদ্য সাবেক হওয়া ভারতের অধিনায়ক বিরাট কোহলি যেমন লিখেছেন, ‘লতাজির মৃত্যুতে ভীষণভাবে শোকাহত। তাঁর সুমধুর গান বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে। গান আর স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ। তাঁর পরিবার ও কাছের মানুষদের প্রতি আমার সমবেদনা।’
অনিল কুম্বলে লিখেছেন, ‘লতাজির অবিনাশী কণ্ঠস্বর আমাদের আজীবন অনুপ্রাণিত করে যাবে।’ ভিরেন্দর শেওয়াগ লেখেন, ‘নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, বিশ্বের আনাচ-কানাচে লাখো মানুষকে আনন্দ আর হাসি জুগিয়েছে একটি কণ্ঠ। তার পরিবার ও সমর্থকদের প্রতি শোক জানাই।’ গৌতম গম্ভীর লেখেন, ‘লিজেন্ডরা সারা জীবন বেঁচে থাকেন। কেউ তার মতো হতে পারবেন না।’ শোক জানিয়ে ভারতের ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে লেখেন, ‘এটা অনেক কষ্টের। অনেক বেদনার খবর। ভারতের অন্যতম মহীরূহকে আমরা হারিয়েছি। আপনার গান, স্মৃতির জন্য ধন্যবাদ। আপনার জন্য গর্বিত বোধ করি।’
ভারতের আরেক সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষন লেখেন, ‘দিদির বিদায়ে অনেক কষ্ট পেয়েছি। তার কণ্ঠ আর সুর অমর হয়ে থাকবে। তার পরিবার ও সমর্থকরা শোক কাটিয়ে উঠুক।’শেখর ধাওয়ান লেখেন, ‘আপনার সংগীত আমাদের আত্মাকে ছুঁয়ে গেছে; আমাদের মুখে হাসি ফুটিয়েছে। ওপারে ভালো থাকবেন লতাজি। আপনার পরম্পরা প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জুগিয়ে যাবে।’ শোক জানিয়েছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার লিটন কুমার দাসও। তিনি লেখেন, ‘ওপারে ভালো থাকবেন লতাজি।’
প্রয়াত লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে হাতে কালো ব্যান্ড পরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামেন ভিরাট কোহলি-রোহিত শর্মারা।