227
Sharesক্রিকেটকে বলা হয় 'ভদ্রলোকের খেলা'। তথাকথিত এই উপাধি এখন আর বাস্তবে থাকছে না। নিয়মিতভাবেই ক্রিকেট মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে চলেছে। আইসিসিও দায়ী ক্রিকেটারদের কঠোর সাজা দিচ্ছে। তারপরেও থামছে না মাঠে ক্রিকেটারদের উগ্র আচরণ। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার হিসাবে বলছে, মাঠে আচরণবিধি ভঙ্গের তালিকায় বাংলাদেশ আছে দুই নম্বরে! শীর্ষে ইংল্যান্ড।
মাঠে ক্রিকেটারদের আচরণ কেমন হবে, সেটা নির্ধারণ করতে আইসিসি তৈরি করেছে 'কোড অব কনডাক্ট'। ২০১৮ সালের এপ্রিলের পর থেকে এখন পর্যন্ত ইংল্যান্ডের ক্রিকেটাররা আচরণবিধি ভঙ্গ করেছে ১২ বার। যে কারণে তারা শীর্ষে। এরপর বাংলাদেশের ক্রিকেটারেরা ভেঙেছে ৯ বার। তবে একটা জায়গায় বাংলাদেশ ইংল্যান্ডের চেয়েও এগিয়ে। ম্যাচপ্রতি বাংলাদেশ গড়ে ০.১২ বার আচরণবিধি ভেঙেছে, দুইয়ে থাকা ইংল্যান্ড ভেঙেছে ০.১১ বার!
অস্ট্রেলিয়া, আফগানিস্তান, আয়ারল্যান্ড ও পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে ২ বার করে কোড অব কনডাক্ট ভাঙার অভিযোগ আছে। ক্রিকেট বিশ্বে স্লেজিংয়ের জন্য কুখ্যাতি ছিল অস্ট্রেলিয়ানদের। কিন্তু স্মিথ-ওয়ার্নারের বল টেম্পারিং কেলেঙ্কারির পর থেকে তারা দলের চেহারা পাল্টে ফেলেছে। এখন আর নগ্নভাবে স্লেজিং করে না অজিরা। সবচেয়ে কম আচরণবিধি ভেঙেছে জিম্বাবুয়ের ক্রিকেটাররা- মাত্র ১ বার। ভদ্র ক্রিকেটারদের দেশ হিসেবে পরিচিত নিউজিল্যান্ড ভেঙেছে ৩ বার।