172
Sharesবিশ্বকাপ থেকে বাদ পড়ার জেরে মঙ্গলবার মাঠেই তাণ্ডব চালায় নাইজেরিয়ার ভক্ত-সমর্থকরা। পরদিন মারা যান ফিফার ডাক্তার জোসেফ কাবুংগো।
আফ্রিকান কনফেডারেশনের (সিএএফ) হয়ে ম্যাচে ডোপিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন জাম্বিয়ার এই ডাক্তার। তবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি জাম্বিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার ঘানার সঙ্গে প্লে-অফের ফিরতি লেগে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করে নাইজেরিয়া। প্রথম লেগে গোলশূন্য ড্র হয়। এতে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে বিশ্বকাপে উতরে যায় ঘানা। ব্যাপারটা মোটেও মানতে পারেনি নাইজেরিয়ার সমর্থক গোষ্ঠী।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আবুজা জাতীয় স্টেডিয়ামে নেমে পড়েন তারা। শুরু হয় ভাংচুর, অগ্নিসংযোগ। ঘানার ফুটবলারদের দিকে বোতল ছুঁড়ে মারতে থাকেন নাইজেরিয়ার সমর্থকরা। তাদের সাহায্য করতে পুলিশ এগিয়ে এলে তাদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় দর্শকদের।
এ সময় ঘানার সমর্থকরাও মাঠে নেমে যান। তাদের কয়েকজনকে মারধর করেছেন নাইজেরিয়ার সমর্থকরা। এরপর বুধবার সকালে মারা যান জোসেফ কাবুংগো। জাম্বিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যান্ড্রু কামাঙ্গা বলেন, ‘আমরা এখনই তার মৃত্যুর প্রকৃত কারণ বলতে পারছি না।
সিএএফ এবং ফিফার পরিপূর্ণ প্রতিবেদনের অপেক্ষায় আছি। আমাদের ফুটবল কমিউনিটির একজন নিবেদিত প্রাণপুরুষ এবং প্রিয় মানুষ ছিলেন তিনি। ২০১২ আফ্রিকান নেশন্স কাপজয়ী দলের সদস্য হিসেবে তার দারুণ প্রভাব ছিল।
ডাক্তার কাবুংগো কয়েক প্রজন্মের খেলোয়াড় ও তাদের পরিবারের কাছে ছিলেন বন্ধু ও শুভাকাঙ্ক্ষী। তার মৃত্যু অনেক বড় ক্ষতি।’