খেলাধুলা



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ১৭ / ২০২২


corona

নারিনের রেকর্ড গড়া ফিফটি


156

Shares

মিরপুরে ঝড় তুলেছেন সুনিল নারিন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই অলরাউন্ডার ১৬ বলের তা-বে খেলেন ৫৭ রানের ইনিংস। নারিনের চার-ছক্কার পসরায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়ে বিপিএলের ফাইনালে পৌঁছেছে কুমিল্লা। বিপিএলের দ্রুততম অর্ধশতকের কীর্তি অর্জনের পর মিরপুরের উইকেটের প্রশংসা করেছেন নারিন।

বুধবার এলিমিনেটর ম্যাচে কুমিল্লার মুখোমুখি হয় চট্টগ্রাম। আগে ব্যাট করে ১৪৮ রানে থামে চ্যালেঞ্জার্সের ইনিংস। জবাবে ১২.৫ ওভারেই জয়বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৩ বলে অর্ধশতক পূরণ করেন নারিন।

দ্রততম ফিফটি হাঁকানোর পর মিরপুরের উইকেটকে কৃতিত্ব দেন নারিন। ম্যাচশেষে তিনি বলেন, ‘আমি মনে করি উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো ছিল। স্পিন খুব বেশি ধরেনি। বিশেষ করে নতুন বল খুব ভালোভাবে ব্যাটে আসছিল।’ এলিমিনেটর ম্যাচে ওপেনিং করেন নারিন। শুরুতে ব্যাট করতে নেমে আত্মবিশ্বাস পান নারিন। তিনি বলেন, ‘এমন পরিকল্পনা ছিল না।

তবে যখন ওপেনিং করার কথা বলা হল তখন খুশিই হয়েছিলাম। জানতাম ভালো শুরু পেলে ম্যাচ সহজ হয়ে যাবে।’ নারিন বলেন, ‘দলের জয়ই বেশি গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আমাদের দলের অন্যতম সেরা পারফরম্যান্স এটা। দেখা যাক ফাইনালে কী হয়!’ নারিনের ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান তুলেছে কুমিল্লা। প্রথম ছয় ওভারে ২ উইকেটে স্কোরবোর্ডে ৮৪ রান জমা করে ফেলে দলটি।

এর আগে ২০১৯ সালে পাওয়ার প্লেতে ৮৩ রান তুলেছিল খুলনা টাইগার্স। টি-টোয়েন্টিতে নারিনের চেয়ে কম বলে ফিফটি করেছেন তিন ক্রিকেটার। মাত্র ১২ বলেই হাফসেঞ্চুরি করা প্রথম খেলোয়াড় ভারতের যুবরাজ সিং। ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।

এরপর মেলবোর্ন রেঞ্জার্সের হয়ে ২০১৬ সালে ক্রিস গেইল ও কাবুল জওয়ানের হয়ে ২০১৮ সালে হজরতউল্লাহ জাজাই স্পর্শ করেন যুবরাজকে। নারিনের আগে ১৩ বলে ফিফটি করার রেকর্ড রয়েছে আরও একটি। ২০১০ সালে সমারসেটের হয়ে হ্যাম্পশায়ারের বিপক্ষে করেছিলেন মার্কাস ট্রেসকোথিক।

খেলাধুলা