173
Sharesএ যেনো আগুনে ঘি ঢালা অবস্থা। এমনিই অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর নিয়ে টানাপোড়েন কম হয়নি। নিরাপত্তার অজুহাতে সিরিজ বাতিলের দাবি তুলেছিলেন একাধিক অজি ক্রিকেটার। অবশেষে পাকিস্তান সফরে এসেছে অস্ট্রেলিয়া। তবে নিরাপত্তা শঙ্কার মধ্যেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন অ্যাশটন অ্যাগার।
পাকিস্তানে আসার আগে প্রাণনাশের হুমকি পেয়েছেন এই অস্ট্রেলিয়ান স্পিনার! অ্যাগারকে সরাসরি হুমকি দেয়া হয়নি, তার স্ত্রী ম্যাডেলিনকে ইনস্টগ্রামের দেয়া হয় সতর্ক বার্তা। হুঁশিয়ারি দেয়া হয়, পাকিস্তান সফরে এলে তার স্বামীকে আর বেঁচে ফিরতে হবে না। ম্যাডেলিনকে পাঠানো মেসেজে বলা হয়, ‘হে ম্যাডেলিন, আশা করি তুমি ভালো আছো। এটা তোমার স্বামী অ্যাশটন অ্যাগারের প্রতি একটা সতর্কবার্তা। সে যদি পাকিস্তান সফরে আসে, তাহলে সে জীবন নিয়ে ফিরবে না। যদি সে পাকিস্তানে আসে তাহলে তোমার সন্তানরা পিতৃহারা হবে।
’ অ্যাগার তাৎক্ষণিকভাবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়েছে বিষয়টি। এক বিবৃতিতে অজ্ঞাতনামা হুঁশিয়ারিটি নিয়ে তদন্ত করার কথা জানিয়েছে সিএ। হুমকিমূলক মেসেজের কারণে পাকিস্তান-অস্ট্রেলিয়ার সিরিজে কোনো প্রভাব ফেলবে না বলেও জানানো হয়। সিএ’র বিবৃতিতে বলা হয়, ‘সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রাপ্ত হুঁশিয়ারি নিয়ে সতর্ক রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিষয়টি নিয়ে সিএ, পিসিবি এবং দুদেশের নিরাপত্তা সংস্থা যৌথভাবে তদন্ত করছে।’
বিবৃতিতে বলা হয়, ‘এই ধরনের কার্যকলাপের বিপরীতে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা রয়েছে। এমন ঘটনাকে ঝুঁকি হিসেবে বিবেচনা করছি না আমরা। এ নিয়ে আর কোনো মন্তব্য করা হবে না।’ ধারণা করা হচ্ছে, ভুয়া ইনস্টগ্রাম অ্যাকাউন্ট থেকে বার্তাটি অ্যাগারের স্ত্রীকে পাঠানো হয়। সিএ’র এক মুখপাত্র অস্ট্রেলিয়ান ‘দৈনিক দ্য সিডনি মর্নিং হেরাল্ড’কে বলেন, ‘এমন ধরনের (অজ্ঞাতনামা) হুমকি প্রত্যাশিত ছিল।
দেশ ছাড়ার আগে এ বিষয়ে ক্রিকেটার এবং তাদের পরিবারকে অবহিত করা হয়। আমরা সব সময় ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং এমন পরিস্থিতি সামলানোর চেষ্টা করছি। ছেলেরা মাঠের লড়াইয়ে নামতে মুখিয়ে রয়েছে।’ পাকিস্তান সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ৩টি করে টেস্ট ও ওয়ানডের সঙ্গে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুদল। আগামী ৪ঠা মার্চ রাওয়ালপিন্ডিতে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার লড়াই।