165
Sharesচোটের কারণে নেই ট্রেন্ট বোল্ট। শূন্যস্থানে জায়গা পেয়েছেন ম্যাট হেনরি। সুযোগ পেয়েই আগুন ঝড়ালেন বোলিংয়ে। ২৩ রানে নিলেন ৭ উইকেট। হেনরির তাণ্ডবে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামলো মাত্র ৯৫ রানে। ৯০ বছরে এই প্রথম একশ’র গণ্ডি পেরোতে ব্যর্থ প্রোটিয়ারা।
ক্রাইস্টচার্চে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুর্খি হয়েছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। টসে হেরে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১৯৩২ সালের পর প্রথম একশ’র নিচে গুটিয়ে গেলো প্রোটিয়ারা। আর নিউজিল্যান্ডের বিপক্ষে দেখলো তাদের সর্বনিম্ন টেস্ট ইনিংস।
ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ১ রানে অধিনায়ক ডিন এলগার পরিণত হন হেনরির শিকারে। দক্ষিণ আফ্রিকার দলীয় সর্বোচ্চ রান আসে জুবায়ের হামজার ব্যাট থেকে। ৭৪ বল খেলে ২৫ রান করেন এই ব্যাটার।
৫২ বলে ১৮ রান করেন কাইল ভেরেনান। এইডেন মার্ক্রাম ৪৩ বলে ১৫ এবং সারেল এরউই ৩০ বলে ১০ করেন। এছাড়া কেউই ছুঁতে পারেন দশের কোঠা। ঘরের মাঠে যৌথভাবে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন হেনরি। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে যৌথভাবে যেটা তৃতীয় সেরা বোলিং। স্যার রিচার্ড হ্যাডলিও ২৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন, ভারতের বিপক্ষে।
বেস্ট বোলিং ফিগারের তালিকায় আবার হ্যাডলিই রয়েছেন দুইয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫২ রানে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। কিউই বোলারদের মধ্যে ইনিংসে বেস্ট বোলিং ফিগার এজাজ প্যাটেলের। গত বছর ভারতের বিপক্ষে ১১৯ রানে ১০ উইকেট নিয়েছিলেন এই স্পিনার।