209
Shares৭দিন ধরে ইউক্রেনে চলছে রাশিয়ার আগ্রাসন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনিয়ানদের কেউ প্রাণ নিয়ে পাশের দেশে পালিয়েছেন, কেউ এখনো আছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। সরকারের ডাকে দেশ বাঁচাতে কেউবা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন অস্ত্র হাতে।
এমন এক নির্ভীক সেনানীর নাম ভিতালি সাপিলো। দেশ রক্ষার লড়াইয়ে নামা এই যোদ্ধা পেশায় মূলত ফুটবলার। যিনি কিয়েভে যুদ্ধকালীন সময়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া বোমা বিস্ফোরণে নিজ বাড়িতে নিহত হন আরেক ফুটবলার দিমিত্রো মার্তিনেঙ্কো।
দুই ফুটবলারের প্রাণহানির খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ দৈনিক মার্কা। ২১ বছর বয়সী ভিতালি সাপিলো খেলতেন ইউক্রেনের ক্লাব কারপাতি লেভিভের যুব দলে। গত শুক্রবার কিয়েভে যুদ্ধকালীন সময়ে শত্রু পক্ষের আক্রমণে প্রাণ হারান তিনি। আর আরেকজন অপেশাদার ফুটবলার দিমিত্রো মার্তিনেঙ্কো স্থানীয় ক্লাব এফসি গোস্তোমেলে খেলতেন।
নিজ বাড়িতে বোমা বিস্ফোরণে নিহত হন ২৫ বছর বয়সী এই ফুটবলার। একই ঘটনায় মৃত্যুবরণ করেন মার্তিনেঙ্কোর মা। ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো দুই ফুটবলারের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে।
এক টুইটার বার্তায় ফিফপ্রো বলে, ‘ইউক্রেনের তরুণ ফুটবলার ভিতালি সাপিলো ও দিমিত্রো মার্তিনেঙ্কোর পরিবার, বন্ধু ও সতীর্থদের পাশে রয়েছি আমরা। এ যুদ্ধে এটি ফুটবলের প্রথম ক্ষতি। তাদের আত্মা শান্তিতে থাকুক।’ সাপিলোর ক্লাব কারপাতি লেভিভ তাকে দেশের নায়ক আখ্যা দিয়ে লিখেছে, ‘আমরা এই বীরের চিরন্তন স্মৃতিকে ধারণ করছি।’ ক্রমান্বয়ে রাশিয়ান আগ্রসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে গোটা বিশ্ব।
প্রতিবাদ জানিয়ে এরইমধ্যে দেশটিকে একে একে ব্রাত্য ঘোষণা করছে বিশ্ব ক্রীড়া সংস্থাগুলো। ফিফা এবং উয়েফা রুশ ফুটবলকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এরইমধ্যে রাশিয়াকে নির্বাসিত করেছে বিশ্ব অ্যাথলেটিক্স এবং হকি সংস্থা।