সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারী / ১২ / ২০২৫


সিলেটে বেড়াতে এসে হাত হারাল শিশু মাহদী


158

Shares


পরিবারের সঙ্গে সিলেট ভ্রমণে এসে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের ‘সাদা পাথর’ পর্যটন কেন্দ্র ঘুরে ফেরার সময় দুর্ঘটনায় ডান হাত হারিয়েছে লক্ষ্মীপুরের স্কুল শিক্ষার্থী মাহদী হাসান। উপজেলার টুকেরবাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় ট্রাক চাপায় থেতলে যায় তার ডান হাত। 

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের টুকেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। সাড়ে পাঁচ বছরের মাহদী লক্ষ্মীপুর সদর উপজেলার জয়রামপুরের বাসিন্দা মামুনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, পরিবারের সঙ্গে সাদা পাথর পর্যটন কেন্দ্রে বেড়াতে আসে মাহদি। সেখান থেকে ফেরার পথে স্থানীয় টুকেরবাজারে তারা একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার সারেন। সেখান থেকে বের হওয়ার পর মাহদি রাস্তার পাশের দোকান থেকে কোমল পানীয় কিনতে পারাপারের সময় সিলেটগামী পাথর বহনকারী একটি ট্রাক তাকে ধাক্কা ও চাপা দেয়। এ সময় ট্রাকের চাকার নিচে মাহদির ডান হাত পড়ে যায়।

এতে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী মামুন চৌধুরী ও ইয়াহিয়া জাকারিয়া তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। 

ব্যবসায়ী ইয়াহিয়া জাকারিয়া বুধবার সন্ধ্যার দিকে বলেন, ‘মাহদির ডান হাতের বেশির ভাগ অংশ ট্রাকের চাকার সঙ্গে পিষে গেছে। এতে তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অবস্থাও সঙ্কটাপন্ন। সন্ধ্যা ৭টার দিকে তার অপারেশন হবে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় খবর পেয়েছি। আহতকে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করিয়েছে।’




ওয়াইএফ/০১

সিলেট প্রতিক্ষণ