সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

জুলাই / ০৮ / ২০২৬


সিলেটের কিনব্রিজ, ঘড়িঘরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, খেলেন সাত রঙের চা


67

Shares


মার্কিন মেরিন ব্যান্ড পরিবেশন করে প্রয়াত আইয়ূব বাচ্চুর ‘সেই তুমি’

সিলেটের বহতা নদী সুরমার ওপরের ব্রিটিশ আমলের কিনব্রিজ, নদীর পাড়ের ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়িঘর ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। স্বাদ নিলেন সিলেটের বিখ্যাত সাত রঙের চা’র। কিনব্রিজ এলাকায় পৌঁছালে ঘড়িঘরের পাশে মার্কিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাকে বরণও করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরের দিকে তিনি ঐতিহ্য সমৃদ্ধ সুরমা নদীর তীর পরিদর্শনে যান। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সিসিকের কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন। 

রাষ্ট্রদূতের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকর্তা এরিক গিলান, পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর মনিকা এল. সাই, ডেপুটি ডিরেক্টর রিচার্ড ব্রুনার এবং রাজনৈতিক উপদেষ্টা ফিরোজ আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।

দুপুর ১২টার কিছুক্ষণ আগে কিনব্রিজ এলাকায় এসে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ব্রিজের নিচ থেকে পায়ে হেঁটে তিনি আসেন ঘড়িঘরের উত্তর পাশে। সেখানে বিউগলসহ নানা বাধ্যযন্ত্রের সুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মার্কিন কায়দায় তাকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন দেশটির মেরিন ব্যান্ড। ততক্ষণে আলী আমজদের ঘড়ির কাটা দুপুর ১২টার ঘর ছুঁয়েছে। মুহূর্তে ঘড়ির ঘন্টা বাজতে শুরু করল। সেটা শেষ হতেই বিউগলের বাশিতে সুর পরিবেশন করেন শিল্পীরা। । তারা প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘সেই তুমি’ পরিবেশন করলে উপস্থিত অতিথিরা মুগ্ধ হন।



পরিবেশন শেষে উপস্থিতদের সঙ্গে ফটোসেশন, সুরমা নদীর তীর এলাকা পায়ে হেঁটে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানকার ঐতিহ্যবাহী স্থাপনাগুলো দেখে নিজের মুগ্ধতার কথাও জানালেন রাষ্ট্রদূত। বিশেষ করে হেরিটেজ স্থাপনাগুলোর সংরক্ষণ, নগরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়নের ভূয়সী প্রশংসা করেন। ঘড়িঘরের ঘণ্টাধ্বনি উপভোগের পাশাপাশি তারা ছবি ও ভিডিও ধারণ করেন।

এর আগে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মার্কিন দূতাবাসের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সিলেটে আসে। মঙ্গলবার সকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নেতৃত্বে তারা সিলেট সিটি করপোরেশন পরিদর্শনে যান। সেখানে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে সিলেটের ঐতিহ্য, নগর ব্যবস্থাপনা, সংস্কৃতি এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। সেখানে রাষ্ট্রদূতকে সাত রঙের চা দিয়ে আপ্যায়ন করা হয়।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘এটি ছিল একটি সম্পূর্ণ সৌজন্যমূলক সফর। এ সময় কোনো আর্থিক বা প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়নি। তবে প্রতিনিধিদল সিলেটের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার আগ্রহ প্রকাশ করেছে।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এ সফর ভবিষ্যতে সিলেটের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বদরবারে তুলে ধরতে সহায়ক হবে।’

এসময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন প্রমুখ।


ওয়াইএফ/০১

সিলেট প্রতিক্ষণ