71
Sharesআলোচিত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের স্থালাভিষিক্ত হচ্ছেন মু. রেজা হাসান।। বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসককের দায়িত্বে থাকা রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বিসিএস ২৯ ব্যাচের কর্মকর্তা।
আজ রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন।অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
একদিকে, গত কয়েকদিন ধরেই ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে, বিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলমকে পুনরায় সিলেটে পুনর্বহাল করা হয়েছে। খোদ প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন বলেও ফেসবুকে প্রচার চালানো হচ্ছে। শনিবার রাতভর ব্যাপক আকারে এই গুজব ছড়ানো হয়। এমন গুজবের মধ্যেই সিলেটের নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হলো।
একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসিচব মিস রোজী আকতারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে বিতর্কের মুখে গত রবিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা এক আদেশে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। এরপর থেকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট পিংকি সাহা।
ওয়াইএফ/০৩