175
Sharesইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের আঁচ লেগেছে ফুটবলবিশ্বেও।
গত পরশু রাতে নাপোলির দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে ইউরোপা লিগের নকআউট প্লে-অফের ফিরতি ম্যাচের আগে ‘যুদ্ধ বন্ধ কর’ লেখা ব্যানার নিয়ে এক কাতারে দাঁড়িয়েছিলেন বার্সেলোনা ও নাপোলির খেলোয়াড়রা।
মাঠের লড়াইয়ে অবশ্য স্বাগতিকদের এক চুলও ছাড় দেয়নি স্বরূপে ফেরা বার্সা। গত সপ্তাহে বার্সার মাঠে ম্যারাডোনা ডার্বির প্রথম লেগ ১-১ গোলে ড্র করেছিল নাপোলি। কিন্তু নিজেদের মাঠে বার্সার দুর্দান্ত ফুটবলের সামনে দাঁড়াতে পারেনি ইতালির ক্লাবটি।
ফিরতি লেগে ৪-২ গোলের দাপুটে জয়ে ইউরোপা লিগের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে বার্সা। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে জিতেছে জাভি হার্নান্দেজের দল। প্রথম ১৩ মিনিটে দুই গোল করে ম্যাচের সুর বেঁধে দেয় কাতালানরা।
জর্দি আলবা ও ফ্রেংকি
ডি ইয়ংয়ের পর নাপোলির জাল কাঁপান জেরার্ড পিকে ও পিয়েরে এমেরিক অবামেয়াং। ইনসিনিয়ে ও পলিতানোর গোলে শুধু ব্যবধানই কমায় নাপোলি। শেষ ষোলোতে এবার তুরস্কের ক্লাব গালাতাসারের মুখোমুখি হবে বার্সা। প্লে-অফ পরীক্ষায় বার্সা উতরে গেলেও দুই লেগ মিলিয়ে রেঞ্জার্সের কাছে ৬-৪ গোলে হেরে বিদায় নিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।