খেলাধুলা



ডেস্ক রিপোর্ট

মার্চ / ০১ / ২০২২


sylhet city

মিরাজের ভাবনায় শুধুই ১০ পয়েন্ট


156

Shares

২০২৩ বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে প্রথম দল হিসেবে এক শ’ পয়েন্ট পেয়ে শীর্ষে উঠেছে বাংলাদেশ। আফগানিস্তানকে টানা দুই ম্যাচ জিতে সিরিজে হারিয়ে ২০ পয়েন্ট পেয়ে এক নম্বরে উঠেছে ইংল্যান্ডকে পেছনে ফেলে।

চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৫ রানে ৬ উইকেট হারিয়েও মেহেদী মিরাজ ও আফিফ হোসেনের ১৭৪ রানের রেকর্ড গড়া জুটিতে ৪ উইকেটে জয় পায়। দ্বিতীয় ম্যাচে লিটন দাসের শতকে ৩০৬ রানের লক্ষ্য দিয়ে আফগানদের অলআউট করে দেয় ২১৮ রানে। দুর্দান্ত দুটি জয়ের পর আগামীকাল ২৮ ফেব্রুয়ারি সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে টাইগাররা। ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর এই ম্যাচটা হতে পারত নিয়ম রক্ষার। তবে এখন আর হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই শেষ ম্যাচটা।

২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ম্যাচ জয়ের সঙ্গে পয়েন্টের বিকল্প নেই। কারণ, ২৪টি ওয়ানডে ম্যাচ শেষে পয়েন্টের হিসেবে সেরা আটে না থাকলে বাছাইপর্বে খেলতে হবে। তাই মেহেদী হাসান মিরাজের মাথায় আপাতত দশ পয়েন্টের বিকল্প নেই। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রোববার মিরাজ বলেছেন, ‘সিরিজ জিতলে ব্যাক অব মাইন্ড যেটা থাকে…সিরিজ জেতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ১০ পয়েন্ট। বিশ্বকাপে কিন্তু টপ আটটা দলই কোয়ালিফাই হবে। সিরিজ জিতেছি খুব ভালো কথা। আমাদের পরবর্তী টার্গেট একটা ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিতে পারলে অনেক ভালো হবে। সামনে অনেক বড় চ্যালেঞ্জ আসবে। আমি মনে করি এই ১০ পয়েন্ট যদি নিতে পারি তখন চ্যালেঞ্জ আসলেও আমাদের জন্য সহজ হয়ে যাবে।’ গত বছর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতলেও শেষ ম্যাচ হেরে ১০ পয়েন্ট খোয়ায় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সেই হিসেব আর মাথায় আনতে চান না মিরাজ। ‘সেটা (শ্রীলঙ্কা সিরিজ) নেতিবাচক ভাবনা। নেতিবাচক চিন্তা করছি না, ইতিবাচক চিন্তা করছি। কালকের ম্যাচটা আছে। আমরা চেষ্টা করব শতভাগ অ্যাফোর্ট দিয়ে খেলার জন্য এবং আমাদের জন্য ১০ পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ।’

খেলাধুলা